মহেশখালীতে অবৈধ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি বনাঞ্চল ঘিরে ২৪টি করাতকল গড়ে উঠেছে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গড়ে ওঠা এসব করাতকলে স্থানীয় লোকজনের বসতভিটার গাছ ছাড়াও সরকারি পাহাড়ি বনাঞ্চলের সেগুন, একাশি, গর্জনসহ বিভিন্ন জাতের গাছ চেরাই করে বাইরে বিক্রি করছেন চোরাই কাঠ ব্যবসায়ীরা।সরকারি নীতিমালা অনুযায়ী, পাহাড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন এবং সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটা অবৈধ হলেও এ ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, কুতুবজোম ও মাতারবাড়ি এলাকার পাহাড়ি বনাঞ্চলকে ঘিরে ২৪টি করাতকল বসানো হয়েছে। এসব করাতকলে স্থানীয় লোকজনের বসতভিটার গাছ চেরাইয়ের পাশাপাশি সরকারি বনের সেগুন, একাশি, গর্জন গাছ চেরাই করা হচ্ছে। সূত্র জানায়, মহেশখালীর ১২ নম্বর পাহাড় মৌজার প্রায় ১৮ হাজার একর পাহাড়ি বনাঞ্চল রয়েছে। এর মধ্যে প্রায় ছয় হাজার একর অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করে নিয়েছেন বিভিন্ন এলাকা থেকে উদ্বাস্তু হয়ে আসা লোকজন। তাঁরা রাতের আঁধারে পাহাড়ি গাছ কেটে নিয়ে করাতকলে চেরাই করে বিভিন্ন জায়গায় পাচার করছেন বলে এলাকাবাসী জানান। হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার বাসিন্দা আব্দুর রহিম, আনোয়ার হোসেন ও কামাল হোসেন জানান, গভীর রাতে পাহাড় থেকে সরকারি গাছ কেটে করাতকলে চেরাইয়ের মাধ্যমে পাচার করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব রয়েছে। এতে দিন দিন সরকারি বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। অবৈধভাবে সরকারি বনভূমি দখল সম্পর্কে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় অবৈধ দখলদার নূর মোহাম্মদ ও কালামিয়া বলেন, ‘টাকার অভাবে জমি কিনে ঘর তৈরি করার সামর্থ্য না থাকায় সরকারি বনে আশ্রয় নিয়েছি। উচ্ছেদ করলে আমরা যাব কোথায়।’ অনুমোদন ছাড়া করাতকল স্থাপনের ব্যাপারে জানতে চাইলে শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার করাতকলমালিক মোহাম্মদ আলী বলেন, ‘লাইসেন্সের (অনুমতিপত্রের) জন্য অনেক আবেদন করেছি। কিন্তু বনাঞ্চল থেকে ১০ কিলোমিটার ভেতরে হওয়ার অজুহাতে অনুমোদন দেওয়া হচ্ছে না। তারপরও এলাকার জনগণের চাহিদার কথা বিবেচনা করে করাতকল বসিয়েছি।’ তবে অবৈধ পাহাড়ি গাছ চেরানোর কথা তিনি অস্বীকার করেন। এদিকে, বন বিভাগের লোকবলসংকটের কারণে বনদস্যুদের হাত থেকে বন রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান জানান, মহেশখালী রেঞ্জের অধীনে পাঁচটি বিট কার্যালয়ে কর্মকর্তা, প্রহরী, নৌকাচালক ও মালীসহ ৫০ জন লোকবল থাকার কথা থাকলেও আছেন মাত্র ২২ জন। এর মধ্যে ২০ জন বনপ্রহরীর স্থলে আছেন মাত্র আটজন। এত কম প্রহরী দিয়ে বন রক্ষা করা কঠিন বলে তিনি মন্তব্য করেন। তারপরও কাঠ চুরি ও পাচার রোধে বন বিভাগের লোকজন তৎপর রয়েছেন বলে তিনি দাবি করেন। তিনি জানান, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত করাতকল থেকে কাঠ চেরাই করে বাইরে পাচারের সময় অভিযান চালিয়ে কাঠসহ ১১টি জিপ আটক করা হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ করাতকলগুলোও উচ্ছেদ করা হবে।বনের জায়গায় অবৈধ বসতি স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘৩৪০ পরিবারের বিরুদ্ধে উচ্ছেদ মামলা করার অনুমতি চেয়ে বন বিভাগ থেকে তিন বছর আগে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, অবৈধ করাতকল উচ্ছেদ না হওয়ায় বনাঞ্চল নির্বিচারে উজাড় হচ্ছে। তাই এসব করাতকল উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।