মহেশখালীতে আটকে আছে ভিজিডি কার্যক্রম
মহেশখালী উপজেলায় দুস্থদের উন্নয়ন কর্মসূচির (ভিজিডি) উপকারভোগী নারীদের তালিকা তৈরি হয়নি এখনো। নির্ধারিত সময়ের তিন মাস পেরিয়ে গেলেও তালিকা জমা পড়েছে আট ইউনিয়নের মধ্যে চারটির। বাকি চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে তিন দফা চিঠি দেওয়ার পরও তাঁরা তালিকা তৈরি করেননি। ফলে এ চার ইউনিয়নের জন্য আটকে আছে উপজেলার ভিজিডি কার্যক্রম। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ সাল পর্যন্ত ভিজিডি কর্মসূচির আওতায় এই উপজেলার আট ইউনিয়নের জন্য এক হাজার ৯৪৮ ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মাতারবাড়িতে ৩০০, কালারমারছড়ায় ৩৪৫, হোয়ানকে ৩৩৫, বড় মহেশখালীতে ৩০১, শাপলাপুরে ২১৪, ছোট মহেশখালীতে ১৬৬, কুতুবজোমে ১৭৫ ও ধলঘাটায় ১১২টি। গত বছরের ২৫ ডিসেম্বরের মধ্যে উপকারভোগী নারীদের তালিকা চূড়ান্ত করে কার্ড বিতরণ নিশ্চিত করার কথা। কিন্তু ধলঘাটা, মাতারবাড়ি, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের তালিকা এখনো তৈরি হয়নি।উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আবদুল মালেক জানান, ভিজিডির তালিকা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কয়েকবার চিঠি দিলেও কোনো কাজ হচ্ছে না। এ জন্য উপজেলা পর্যায়ে চূড়ান্ত তালিকা তৈরি করা সম্ভব হচ্ছে না। তালিকা জমা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ইতিমধ্যে ইউপি সদস্যদের মাধ্যমে দুস্থ নারীদের খসড়া তালিকা তৈরি করানো হয়েছে। কিন্তু এসব তালিকা যাচাই-বাছাই করতে সময় লাগছে। তবে কয়েক দিনের মধ্যে তালিকা জমা দেওয়া হবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ইতিমধ্যে ভিজিডির তালিকা জমা দেওয়ার জন্য মুঠোফোনে চার ইউপি চেয়ারম্যানকে আবারও নির্দেশ দেওয়া হয়েছে।