মহেশখালীতে আদিনাথ মেলা কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরে আট দিনব্যাপী শিবচতুর্দশী পূজা ও মেলা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও আদিনাথ মন্দিরের শিব দর্শন করার জন্য ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো তীর্থযাত্রীর সমাগম ঘটবে বলে মেলার আয়োজকেরা জানিয়েছেন।
মেলার আয়োজকেরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শনের জন্য তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়ার বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসতে পারবেন। আগে সমুদ্রপথে কক্সবাজার-মহেশখালী পারাপারের সময়ে দুই জেটিতে তীর্থযাত্রীরা ভোগান্তির শিকার হতেন।
আদিনাথ মিন্দর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পূর্ণ চন্দ্র দে বলেন, মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। দূর–দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে কাজ করবেন ১০০ জন স্বেচ্ছাসেবক।
মেলা উপলক্ষে গত বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম প্রমুখ।
ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালী আদিনাথ মন্দির। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।