মহেশখালীতে আমনের ফলনে খুশি কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার নানা স্থানে ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। ছবিটি ২০ নভেম্বর উপজেলার রামপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
সাতকানিয়া উপজেলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার নানা স্থানে ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। ছবিটি ২০ নভেম্বর উপজেলার রামপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

আবহাওয়া অনুকূলে থাকায় ও খেতে রোগবলাই কম হওয়ায় কক্সবাজারের মহেশখালীতে এবার আমানের বাম্পার ফলন হয়েছে। দুই সপ্তাহ ধরে চলছে ধান কাটা। কৃষকের ঘরে ঘরে এখন নতুন ফসল তোলার আনন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম বলেন, আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি খেতে কোনো রোগবালাই আক্রমণ না করায় এবারে আমন ধানের ফলন ভালো হয়েছে। এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। গত বছর আবহাওয়া অনুকূলে ছিল না। পাশাপাশি রোগের আক্রমণে ফলনও ভালো হয়নি। এ কারণে গত বছর উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২২টি ব্লকের ৮ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন চাল। গত বছর আমন চাষ হয়েছিল আট হাজার হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৪ হাজার মেট্রিক টন চাল। কিন্তু উৎপাদন হয়েছিল ২৩ হাজার মেট্রিক টন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা চলছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মহেশখালী পৌরসভা, কুতুবজোম, ছোট মহেশখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে।
গত সোমবার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তরকুল এলাকায় গেলে কথা হয় কৃষক কালি চরণ দের সঙ্গে। চারজন শ্রমিক নিয়ে আমন ধান কাটায় ব্যস্ত ছিলেন তিনি। কালি চরণ দে বলেন, গত বছর আমন খেতে পোকা আক্রমণ করায় ভালো ফলন হয়নি।
কিন্তু এবার আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি আমন খেতে কোনো রোগবলাই দেখা দেয়নি। এতে ফসলের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকেরাও বেশ খুশি।
হোয়ানক ইউনিয়নের কেরুনতলি এলাকার কৃষক নুর হোসেন বলেন, ‘অন্যান্য বছর আমন মৌসুমে আবহাওয়া প্রতিকূলে থাকায় কৃষকেরা ভালো ফলন পাননি। কিন্তু এবারে বাম্পার ফলন হওয়ায় আমরা সবাই বেশ খুশি।’