মহেশখালীতে আমনের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা চলছে এক সপ্তাহ ধরে। কৃষকেরা গোলায় ধান তুলতে শুরু করেছেন। ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবং পোকার আক্রমণ কম হওয়ায় গত বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে। জানা গেছে, উপজেলার পৌরসভাসহ আটটি ইউনিয়নে আমন ধানের ভালো ফলন হয়েছে। গত সপ্তাহ থেকে মহেশখালী পৌরসভা, কুতুবজোম, ছোট মহেশখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকেরা ধান কাটছেন। কৃষক পরিবারে চলছে আনন্দ উৎসব।গত মঙ্গলবার সরেজমিনে পৌর এলাকার ঘোনারপাড়ায় গিয়ে দেখা যায় কৃষকেরা ধান কাটায় ব্যস্ত। কৃষক আনোয়ার হোসেনের সঙ্গে ধান কাটছিলেন তাঁর দুই ছেলে মনির হোসেন ও কফিল উদ্দিন। আনোয়ার হোসেন বলেন, ‘সামর্থ্য না থাকায় যতটুকু প্রয়োজন ততটুকু সারা দিতে পারিনি। এর পরও অন্যান্য বছরের তুলনায় এবার ফলন বেশ ভালো হয়েছে।’ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার বাসিন্দা কৃষক আলি আহমদ বলেন, ‘বৃষ্টির কারণেই ফলন ভালো হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কৃষকদের বেশি সেচ দিতে হয়নি। এতে খরচ কম হয়েছে।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার আট হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৪২৫ মেট্রিকটন। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফিরোজ আলম প্রথম আলোকে বলেন, ‘গত বছরের তুলনায় এবারে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে ১৮ হাজার ৮০০ কৃষক লাভবান হবেন। এ বছর আবহাওয়া অনুকূলে ছিল। এ কারণে ফলন ভালো হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, অন্তত ২৬ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।’