
গত বছর ঘূর্ণিঝড় কোমেনের হানায় ঘর হারিয়েছিলেন তিনি। এরপর আত্মীয়স্বজনের কাছ থেকে ধার নিয়ে টিনের চালের মাটির ঘর তুলেছিলেন কক্সবাজারের মহেশখালীর দিনমজুর আবুল হোসেন। কিন্তু আট সদস্যের পরিবার–পরিজন নিয়ে বেশিদিন নিরাপদ আশ্রয়ে থাকা হলো না তাঁর। ১০ মাসের মাথায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে আবারও তাঁর ঘর ভেঙেছে।
রোয়ানুর আঘাতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাট এই দুই ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল গ্রামটি যেন লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ে। সাইরার ডেইল গ্রামে আবুল হোসেনের মতো আরও প্রায় ১৩০ জন ঘর হারিয়েছেন। আশ্রয়হীন হয়ে পড়া এসব মানুষ এখন বিধ্বস্ত ঘরেই বসবাস করছেন। ঝড়-বৃষ্টি শুরু হলে আশ্রয় নিচ্ছেন আত্মীয়স্বজনের বাসায়।
গত রোববার সাইরার ডেইল গ্রামে কথা হয় আবুল হোসেনের সঙ্গে। দুর্যোগের কারণে কাজকর্ম নেই আবুল হোসেনের হাতে। এ কারণে আয়–রোজগারও বন্ধ। সরকারের কাছ থেকে ১০ কেজি চাল সাহায্য না পেলে অনাহারেই থাকতে হতো পরিবার–পরিজন নিয়ে। খাবারের কষ্ট দূর হলেও নতুন করে কীভাবে ঘর তুলবেন এটাই এখন তাঁর সর্বক্ষণের ভাবনা হয়ে দাঁড়িয়েছে। তাঁর স্ত্রী সখিনা খাতুন অনেক চেষ্টা করেও নিজেকে স্বাভাবিক রাখতে পারলেন না। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘গত বছর কোমেনের আঘাতে ঘর ভাঙার পর নানা জনের কাছ থেকে ধারদেনা করে ঘর তুলেছি। এখনো ধার শোধ হয় নাই। অভাবের সংসার আমাদের। নতুন ঘর তোলার কথা ভাবতেই পারছি না। আমরা এখন কোথায় যাব?’
একই চিত্র দেখা গেল দিনমজুর আবুল কাশেমের বাড়িতে। তাঁর বিধ্বস্ত বাড়িতেই চলছে সাংসারিক কাজকর্ম, রান্নাবান্না। আবুল কাশেম বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে এই এলাকার বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যায়। ভেসে যায় আমাদের ঘরবাড়ি। প্রশাসন বাঁধ সংস্কারের উদ্যোগ নিলে গত শনিবারের ঝড়ে এমন ক্ষয়ক্ষতি হতো না।’
মহেশখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলমের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলায় রোয়ানুর আঘাতে বিধ্বস্ত হয়েছে ২ হাজার ৭৩০টি ঘরবাড়ি। এর মধ্যে মাতারবাড়িতে ১ হাজার ১৮০টি এবং ধলঘাটে ১ হাজার ১০০টি ঘর বিধ্বস্ত হয়েছে। প্রায় আড়াই হাজারের মতো পরিবার বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘরবাড়ির পাশাপাশি রোয়ানুর প্রভাবে বিশাল এলাকার বেড়িবাঁধও বিধ্বস্ত হয়েছে। জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুতে মাতারবাড়ি ও ধলঘাটে নয় কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। তার মধ্যে পাঁচ কিলোমিটার বাঁধ একেবারেই বিলীন হয়ে গেছে। আর আংশিক ক্ষতি হয়েছে চার কিলোমিটার বেড়িবাঁধের।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ধলঘাট ইউনিয়নের ১৪টি গ্রামেও এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। এসব গ্রামের দেড় হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। কিন্তু নতুন করে ঘর তৈরি করার মতো তাদের নেই কোনো সামর্থ্য। ফলে খোলা আকাশের নিচে কষ্টের দিন কাটছে তাদেরও।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, আপাতত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে গৃহহারা পরিবারকে পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, এখনো প্রতিনিয়ত জোয়ারের কবলে পড়ে এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।