মহেশখালীতে উন্নয়ন মেলা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩ মার্চ দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ও অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এ মেলার আয়োজন করে।
মেলা উপলক্ষে আয়োজন করা হয় চিকিৎসা শিবিরের। এতে আড়াই হাজারের বেশি লোককে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। মেলাকে ঘিরে বসে নানা স্টল। এসব স্টলের মধ্যে সবার নজর কাড়ে ‘আমার বাড়ি সমৃদ্ধি বাড়ি’ স্টলটি।
মেলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রত্যাশীর সভাপতি রাশিদা খানম। বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল করিম, উপব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের প্রমুখ। সভা শেষে অতিথিরা মেলার স্টল ও চিকিৎসা শিবির ঘুরে দেখেন।