মহেশখালীতে এখনই বর্ষার আতঙ্ক
মাস খানেক পর বর্ষা। এবারও মেরামত হলো না মহেশখালীর ধলঘাটের ১৪ কিলোমিটার বেড়িবাঁধ। এ নিয়ে এখনই আতঙ্ক বিরাজ করেছে ধলঘাটার ৩০ হাজার মানুষের মধ্যে। বর্ষায় তো রুদ্রমূর্তি ধারণ করবে সাগর, তখন কী করবে—সেই চিন্তায় দিন কাটছে সাগরপাড়ের এসব মানুষের।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপে জানা গেছে, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে ধলঘাটার ১৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এর মধ্যে ২০১১ সালের জুলাই মাসে ধলঘাটার পশ্চিমে সুতরিয়া এলাকায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার বাঁধ সংস্কার করা হয়। কিন্তু বছর না যেতেই সংস্কার করা অংশের প্রায় দুই কিলোমিটার আবার ভেঙে যায়। ধসে পড়ে আরও প্রায় দেড় মিটারের সিসি ব্লক।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ধলঘাটা ইউনিয়নের সরইতলা, দক্ষিণে ভারতঘোনা ও পূর্ব দিকে সাপমারার ডেইল এলাকার প্রায় ১৪ কিলোমিটার বেড়িবাঁধ খোলা। আশপাশের বাসিন্দাদের মুখে এক কথা, ‘কোনো সাহায্য চাই না, শুধু ভাঙা বেড়িবাঁধটি সংস্কার চাই।’
স্থানীয় লোকজন জানান, বর্ষায় বাঁধের ভাঙা অংশ দিয়ে বেগুন বনিয়া, পণ্ডিত ডেইল, গুইজ্যার ডেইল, সুতরিয়া, সরইতলা, খাতুরপাড়াসহ আটটি গ্রামে চলে জোয়ার-ভাটা। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে না পেরে ইতিমধ্যে সরইতলা এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আতা উল্লাহ, মনজুর আলম, ধলঘাটার আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ, মোক্তার আহমদ, মোহাম্মদ জাকারিয়া, আবদুল মজিদসহ প্রায় ১০০ পরিবার এলাকা ছেড়ে কালারমারছড়া, হোয়ানকসহ বিভিন্ন স্থানে বসতি গড়েছেন।
ধলঘাটা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শুষ্ক মৌসুমে ভাঙা বাঁধের ভেতরে বিকল্প বাঁধ দিয়ে এলাকার চাষিরা লবণ চাষ করেছিলেন। কিন্তু বর্ষায় সেই বাঁধ দিয়ে এলাকা রক্ষা করা সম্ভব হবে না। তাই বর্ষার দিন যতই ঘনিয়ে আসছে, এলাকার লোকজন ততই আতঙ্কিত হয়ে পড়ছে।
ইউপি সদস্য আতা উল্লাহ বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে এই এলাকায় কেউ বসবাস করা সম্ভব হবে না।
ধলঘাটার ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘গত বছর বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকা রক্ষা করতে প্রায় ৫০ লাখ টাকায় বিকল্প বাঁধ নির্মাণ করেও কোনো কাজ হয়নি। এবারও বর্ষায় এলাকার লোকজনকে রক্ষা করতে নিজ উদ্যোগে ধলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে থেকে নাসির মোহাম্মদ ডেইল পর্যন্ত বিকল্প বাঁধ নির্মাণ করছি। তবে ওই বিকল্প বাঁধ দিয়ে এলাকা রক্ষা হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।’
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক জানান, ধলঘাটার সরইতলার ঝুঁকিপূর্ণ এক কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণের জন্য দেড় মাস আগে প্রায় ১৫ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। সামনের বর্ষার পরে ওই বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।