মহেশখালীতে এখনো ভাঙা বেড়িবাঁধের আতঙ্কেই বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর ধলঘাটার সরইতলা এলাকায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়ে জোয়ারের পানি। ছবিটি ২৫ এপ্রিল তোলা l প্রথম আলো
মহেশখালীর ধলঘাটার সরইতলা এলাকায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়ে জোয়ারের পানি। ছবিটি ২৫ এপ্রিল তোলা l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নের ২০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৭ কিলোমিটারই ভাঙা। স্থায়ী বেড়িবাঁধ আছে মাত্র তিন কিলোমিটারে। ফলে এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত আতঙ্কে কাটে এখানকার মানুষের দিন।
১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই দুই ইউনিয়নে এবং প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়। মাটির সঙ্গে মিশে যায় ঘরবাড়ি।
২৫ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাটের দক্ষিণে ও পশ্চিম পাশের প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা। ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। ধলঘাট ইউনিয়নের অবস্থা আরও খারাপ। সরইতলা, দক্ষিণে ভারত ঘোনা ও পূর্বদিকে সাপমারার ডেইল এলাকার প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা।
স্থানীয় লোকজন জানান, বর্ষার আগে বাঁধ সংস্কার না হলে ধলঘাট ও মাতারবাড়ির ১৬ গ্রামে লোকালয়ে জোয়ার-ভাটা চলবে। এখনো হাতে যে সময় আছে তা কাজে লাগিয়ে বাঁধ সংস্কার জরুরি।
স্থানীয় ধলঘাট ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বাঁধ মেরামত না হওয়ায় আতঙ্কে কাটছে কমপক্ষে ৪০ হাজার মানুষের দিন। দুর্যোগের কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করতে হলে চারপাশে সিসি ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ধলঘাট আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ বলেন, ‘দুর্যোগ থেকে বাঁচতে ছয় বছর আগে সপরিবারে কালামারছড়ায় এসে নতুন করে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছি।’
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, স্থায়ী বেড়িবাঁধ না থাকায় ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এই এলাকার কয়েক হাজার মানুষ প্রাণ হারায়। এরপর দুই যুগ পেরিয়ে গেলেও চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি।
তিনি বলেন, অরক্ষিত বাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে প্রতিনিয়ত নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কিন্তু বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের পর স্থানীয় লোকজনের আশ্রয় নেওয়ার জন্য বিভিন্ন সংস্থার অর্থায়নে এ উপজেলায় ৮৩টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। এসব আশ্রয়কেন্দ্র স্থাপনের পর থেকে কোনো রক্ষণাবেক্ষণ এবং সংস্কার না হওয়ায় ৩৮টি আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলায় বর্তমানে চার লাখ মানুষের বসবাস হলেও জনসংখ্যা অনুপাতে আশ্রয়কেন্দ্রর সংখ্যা অতি নগণ্য।
লোকালয়ে জোয়ার-ভাটার কথা স্বীকার করে মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, অরক্ষিত বেড়িবাঁধ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ইতিমধ্যে ধলঘাট ইউনিয়নের সরইতলার এক কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ধলঘাট ও মাতারবাড়ি ইউনিয়নের ভাঙা বাঁধ সংস্কারের জন্য প্রায় ৭৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ হাতে পেলেই ভাঙা বেড়িবাঁধ আপাতত মেরামত করা হবে।
তিনি বলেন, বিভিন্ন সময় বাঁধ সংস্কার করা হলেও প্রাকৃতিক দুর্যোগে পড়ে তা ভেঙে যায়। এ ছাড়া স্থায়ী বেিড়বাঁধ সময় ও বিশাল ব্যয়সাপেক্ষ। এ জন্য ধীরে ধীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে।