মহেশখালীতে কলেজের চেয়ে মাদ্রাসার ফল ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে এবারে এইচএসসিতে কলেজের চেয়ে মাদ্রাসার ফলাফল ভালো হয়েছে। কলেজ থেকে কেউ জিপিএ-৫ পাননি। শুধু মাদ্রাসা বোর্ড থেকে দুইজন জিপিএ-৫ পেয়েছেন। উপজেলার শীর্ষস্থান দখল করেছে মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া আলিম ও কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসা। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন ২০১০ সালের এইচএসসি ও মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ফল প্রকাশ করেন। উপজেলায় তিনটি কলেজ থেকে ২৫০ জনের মধ্যে ২১৮ জন পাস করেছেন। এর মধ্যে মহেশখালী ডিগ্রি কলেজ থেকে ১৮৬ জনের মধ্যে ১৬৯ জন, মহেশখালী মহিলা কলেজ থেকে ৪০ জনের মধ্যে ৩৫ জন এবং হোয়ানক কলেজ থেকে ২৪ জনের মধ্যে মাত্র ১৪ জন পাস করেছেন। মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ থেকে ৩৬ জনের মধ্যে ৩৪ জন এবং লিডারশিপ কলেজ থেকে ১৫ জনের সবাই পাস করেছেন। এদিকে, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় চারটি মাদ্রাসার ৭০ জনের মধ্যে ৬৮ পাস করেছেন। এর মধ্যে মজিদিয়া আলিম মাদ্রাসার হেফাজ উদ্দিন ও মইনুল ইসলাম, আলিম মাদ্রাসা থেকে উম্মে সালমা জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া পুটিবিলা ফাজিল মাদ্রাসা থেকে ২৭ জনের মধ্যে ২৬ জন, মাতারবাড়ি মজিদিয়া আলিম মাদ্রাসা থেকে ১৫ জনের সবাই, কালারমারছড়া মইনুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে ২২ জন এবং মহুরীঘোনা আলিম মাদ্রাসা থেকে ছয়জনের মধ্যে পাঁচজন পাস করেছেন। আর শতভাগ পাস করেছেন মাতারবাড়ি মজিদিয়া ও মইনুল ইসলাম আলিম মাদ্রাসার পরীক্ষার্থীরা। মজিদিয়া আলিম মাদ্রাসার হেফাজ উদ্দিন বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরা একটু সচেতন হলে একজন শিক্ষার্থী অনায়াসে ভালো ফল করতে পারেন।’ ভালো ফলাফলের জন্য প্রতিদিন নিয়মিত পাঁচ ঘণ্টা পড়াশোনাই যথেষ্ট বলে মনে করেন হেফাজ উদ্দিন। মইনুল ইসলাম আলিম মাদ্রাসার ছাত্রী উম্মে সালমা ভালো ফলাফলের জন্য তাঁর অভিভাবকদেরও বড় ভূমিকা ছিল বলে দাবি করেন। মাতারবাড়ি মজিদিয়া মাদ্রাসার শিক্ষক নুর বক্স জানান, ‘শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের কারণে ভালো ফল করা সম্ভব হয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন জানান, ‘কলেজের চেয়ে এবার মাদ্রাসার শিক্ষার্থীদের ফল ভালো হয়েছে। কারণ মাদ্রাসা থেকে দুইজন জিপিএ-৫ পেলেও কলেজ থেকে কেউ-ই পাননি। আমি মনে করি, এ ব্যাপারে অভিভাবকদের সচেতনতার অভাবই বেশি দায়ী। তাঁরা শিক্ষার্থীদের ব্যাপারে আরও মনোযোগী হলে এ বিপর্যয় ঘটত না।’