পূর্ণিমার জোয়ারে কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রায় দেড় কিলোমিটার বিকল্প বাঁধ বিলীন হয়ে গেছে। ভেঙে গেছে ১২টি গ্রামীণ সড়ক। বিধ্বস্ত হয়েছে ২০টি ঘর। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও এক হাজারের বেশি ঘরবাড়ি। ভেসে গেছে শতাধিক চিংড়িঘেরের মাছের পোনা ও সোনাদিয়ায় উপকূলে রোপণ করা বন বিভাগের প্রায় ৬০ হাজার ঝাউগাছের চারা। ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের।
জানা গেছে, গত রবি, সোম ও মঙ্গলবার তিন দফা পূর্ণিমার জোয়ারে উপজেলার পৌর এলাকার ডাকবাংলোপাড়া, চরপাড়া, সিকদারপাড়া, ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া, ঠাকুরতলা, কুতুবজোমের ঘটিভাঙ্গা, সোনাদিয়া, তাজিয়াকাটা, শাপলাপুর ইউনিয়নের জেমঘাট, বারিয়াপাড়া, ধলঘাটপাড়া, মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট, সাইরারডেইল ও ধলঘাটা ইউনিয়নের বেগুনবুনিয়া, পানিরছড়া, পণ্ডিতডেইল, সরইতলা, সুতরিয়া, সাপমারার ডেইল, বনজামিরা ও মুহুরিঘোনা এলাকাসহ অন্তত ৩৮টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। প্রায় চার হাজার বসতবাড়িতে জোয়ারের পানি ঢুকে পড়ে। এ সময় পানির তোড়ে ভেঙে যায় বনজামিরা ঘোনার ২০টি কাঁচা ঘরবাড়ি।
ধলঘাটার ১২টি গ্রামীণ সড়কের পাশাপাশি দেড় কিলোমিটার বিকল্প বাঁধ ভেঙে যায়। এ ছাড়া সোনাদিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, হোয়ানকের পশ্চিমে, ধলঘাটা ও মাতারবাড়ি এলাকার শতাধিক চিংড়িঘেরের মাছের পোনা ভেসে যায়।
ধলঘাটা ইউনিয়নের চিংড়িঘেরের মালিক আমান উল্লাহ বলেন, ‘পূর্ণিমার জোয়ারে আমার ঘেরের ১০ লাখ টাকার চিংড়ি মাছের পোনা ভেসে গেছে।’
স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘বর্ষায় জলোচ্ছ্বাস থেকে এলাকা রক্ষা করতে নিজেই প্রায় দুই কোটি ব্যয়ে বিকল্প বাঁধ নির্মাণ করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। এলাকায় এখন জোয়ার-ভাটা চলছে।’
উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল বলেন, ২০১৩-১৪ অর্থবছরে ৩০ হেক্টর জায়গার ওপর প্রায় চার লাখ টাকা ব্যয়ে গত মে মাসে একটি ঝাউগাছের বাগান করা হয়। ওই বাগানে বন বিভাগ ৬০ হাজার চারা রোপণ করে। কিন্তু জোয়ারের পানিতে এসব চারা ভেসে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম বলেন, পূর্ণিমার জোয়ারের আঘাতে বেশ কয়েকটি গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় এলাকার লোকজন যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, পূর্ণিমার জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক বলেন, কয়েক দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙা বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।