মহেশখালীতে খাওয়ার পানির তীব্রসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ হাজার মানুষের বসবাস বাড়িয়াপাড়া গ্রামে। গ্রামের আশপাশে কোনো নলকূপ নেই। বিশুদ্ধ খাওয়ার পানির জন্য বিধবা মরিয়ম খাতুনকে (৪৫) দুই কিলোমিটার দূরের কায়দাবাদ গ্রামে যেতে হয়েছে নলকূপের পানি আনতে। মরিয়ম খাতুনের মতো এলাকার কয়েক হাজার নারী-পুরুষ এভাবে ভোগান্তি পোহাচ্ছেন বছরের পর বছর।

গত ২৯ জুলাই মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা বারিয়াপাড়া ও কায়দাবাদ গ্রামে গিয়ে দেখা গেছে এমন দুর্ভোগের চিত্র। ভুক্তভোগী ব্যক্তিরা জানান, বাড়িয়াপাড়ায় প্রায় ১০ হাজার মানুষের জন্য একটি নলকূপও নেই। তবে কায়দাবাদে তিন হাজার মানুষের জন্য চারটি নলকূপ রয়েছে। মরিয়ম খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক দিন থেকে পানির কষ্টে ভুগছি। অনেকেই দূর থেকে পানি আনতে না পেরে পার্শ্ববর্তী পাহাড়ের ছড়ার পানি ব্যবহার করছে। এতে নানা রকম পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে সংশ্লিষ্ট লোকজন।’

ধলঘাটার স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এলাকায় নলকূপ না থাকায় স্থানীয় লোকজন ছড়া বা পুকুরের পানি ব্যবহার করছে। ফলে অনেকেই ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

জানা গেছে, পর্যাপ্ত নলকূপ না থাকায় মহেশখালী পৌর এলাকা, কুতুবজোম, বড় মহেশখালী, ছোট মহেশখালী, মাতারবাড়ি, ধলঘাট, কালারমারছড়া, হোয়ানক ও শাপলাপুর এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী ও শাপলাপুর ইউপির চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী জানান, পানির সমস্যা নিরসনকল্পে নলকূপের বরাদ্দ চেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী উপজেলার লোকসংখ্যা তিন লাখ ২১ হাজার। পরিবারের সংখ্যা ৫৮ হাজার ১৭৭টি। ১০ পরিবারের জন্য একটি হিসেবে পাঁচ হাজার ৮১৭টি নলকূপ দরকার। ইতিমধ্যে এলাকার লোকজন নিজ উদ্যোগে প্রায় আড়াই হাজার এবং সরকারি পর্যায়ে প্রায় সাড়ে পাঁচ শ নলকূপ বসানো হয়েছে। সংকট পুরোপুরি নিরসন করতে হলে আরও দুই হাজারের মতো নলকূপ প্রয়োজন।

সূত্র জানায়, ১৯৯৩ সাল থেকে গত অর্থবছর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি পর্যায়ে ৬৫৩টি নলকূপ বসানো হয়েছে। মাঝেমধ্যে কিছু নলকূপ নষ্ট হলেও তা স্থানীয় লোকজনের সহায়তায় মেরামত করে দেওয়া হয়। মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কামাল উপজেলার বিভিন্ন এলাকায় খাওয়ার পানির সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘চাহিদার তুলনায় নলকূপের বরাদ্দ খুবই কম। বরাদ্দ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি।’