মহেশখালীতে খাওয়ার পানির সংকট
কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় খাওয়ার পানির সমস্যা দেখা দিয়েছে। গত ছয় বছরে নতুন কোনো নলকূপ না বসানোর কারণে পৌর এলাকায় পানির সমস্যা প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়েও কোনো নলকূপ নেই। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছে।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় গত ছয় বছরে নতুন কোনো নলকূপ বসানো হয়নি। উপজেলার পাঁচ ইউনিয়ন—মাতারবাড়ি, ধলঘাট, কালারমারছড়া, হোয়ানক ও শাপলাপুর এলাকায় পর্যাপ্ত নলকূপ নেই। ফলে পৌর এলাকাসহ বিভিন্ন গ্রামে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, ধলঘাট সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, শিক্ষার্থীদের প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। নলকূপ বসানোর জন্য কর্তৃপক্ষের কাছে প্রতি মাসে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। ধলঘাট মহুরিঘোনা ও শরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুরের পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শরইতলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, পুকুরের পানির চেয়ে এলাকায় ভালো পানি পাওয়া যাচ্ছে না।মাতারবাড়ি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, নলকূপ না থাকায় অনেক ছাত্র বিদ্যালয়ে আসতে চায় না। পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়ার বাসিন্দা সুধীর কান্তি দে, মনীন্দ্র লাল দে ও দীলিপ দাশ জানান, প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে পশ্চিম হিন্দুপাড়া থেকে তাঁদের পানি আনতে হয়। এতে তাঁদের সীমাহীন কষ্ট হয়। পানির সংকটের কথা স্বীকার করে পৌর কাউন্সিলর জামালুর রশিদ ও শাহাব উদ্দিন জানান, এলাকার পানির সংকট নিরসনের জন্য নলকূপ বরাদ্দ চেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে আবেদন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘বিদ্যালয়গুলোতে নলকূপ স্থাপনের জন্য ওপরমহলে অনেক লেখালেখি হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ এলাকার পানিসংকটের কথা স্বীকার করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় পৌর এলাকায় গত ছয় বছরে নলকূপ বসানো সম্ভব হয়নি।’ তিনি জানান, উপজেলার আটটি ইউনিয়নে সাড়ে নয় শ গভীর ও দুই হাজার অগভীর নলকূপ রয়েছে। এলাকার পানির সংকট নিরসনের জন্য আরও এক হাজার নলকূপ স্থাপন করা প্রয়োজন। এ ব্যাপারে বরাদ্দ চেয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অনেকবার আবেদন করা হয়েছে। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে সমস্যা লেগেই আছে।