মহেশখালীতে চিংড়িঘেরে মড়ক, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
কক্সবাজারের মহেশখালীতে চিংড়িঘেরে মড়ক দেখা দিয়েছে। মড়কের কারণে গত এক মাসে কমপক্ষে তিন কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান চিংড়ি ব্যবসায়ীরা। এখনো মড়ক নিয়ন্ত্রণে না আসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। সংশ্লিষ্ট লোকজন জানান, অতিবৃষ্টি ও হোয়াইট স্পট সিনড্রম ভাইরাসে আক্রান্ত হয়ে ঘেরে চিংড়ি মারা যাচ্ছে। জানা গেছে, আগস্ট মাসে দুই দফা অতিবৃষ্টিতে মাতারবাড়ি, ধলঘাটা, কালারমারছড়া, হোয়ানক, বড়মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নে চিংড়িঘেরে মড়ক দেখা দেয়। বৃষ্টির কারণে পানির লবণাক্ততা ও তাপমাত্রা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে দেখা দিয়েছে হোয়াইট স্পট সিনড্রম ভাইরাস। কালারমারছড়া নুনাছড়ির চিংড়ি ব্যবসায়ী সেলিম চৌধুরী বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকা পুঁজি খাটিয়ে এবার চিংড়িচাষ করেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে ঘেরের অধিকাংশ মাছ মরে গেছে। এতে লাভ তো দূরের কথা, মূলধন উঠবে কি না তা নিয়ে সংশয়ে আছি।’ মাতারবাড়ির আনিছিদ্দিয়া চিংড়িঘেরের ইজারাদার মোহাম্মদ নাছির উদ্দিন জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর মাছের দাম অনেক বেশি। গত বছর এক কেজি চিংড়ি মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এ বছর ওই মাছ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭০০ থেকে ৭৫০ টাকা। কিন্তু মড়ক সব শেষ করে দিয়েছে। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ১৫ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। ঘেরের সংখ্যা ৪০২টি। এবারে চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৭৫০ মেট্রিক টন। যার আনুমানিক মূল্য ১৫০ কোটি টাকা। তবে অতিবৃষ্টি ও ভাইরাস আক্রান্ত হয়ে মাছ মরে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘গত মাসে অতিবৃষ্টি ও হোয়াইট স্পট সিনড্রম ভাইরাসে আক্রান্ত হয়ে চিংড়িঘেরে মড়ক দেখা দিয়েছে। এতে অন্তত তিন কোটি টাকার মাছ মরে গেছে। এ জন্য এবার লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’ ভাইরাস আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষা না করে ঘেরে ব্যবসায়ীরা চিংড়ি পোনা দেওয়ার ৬০ দিনের মধ্যে ওই ঘেরে হোয়াইট স্পট সিনড্রম ভাইরাস আক্রান্ত হয়ে মাছ মারা যাচ্ছে।