কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চার বছর ধরে চিকিৎসক নেই। অথচ একটি কেন্দ্রে একজন করে চিকিৎসক থাকার নিয়ম রয়েছে। চিকিৎসক না থাকায় গ্রামের মানুষ বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্যসেবা থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মাতারবাড়ি, ধলঘাটা, হোয়ানক, শাপলাপুর, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিৎসক নেই। এর মধ্যে পর্যাপ্ত লোকবল না থাকায় তিন বছর ধরে বন্ধ আছে ধলঘাটা, বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। শাপলাপুর, মাতারবাড়ি ও হোয়ানক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চলছে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দিয়ে।
জানা যায়, ২০০৮ সালের ১৮ নভেম্বর পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র-মাতারবাড়ি, ধলঘাট, শাপলাপুর, হোয়ানক ও বড় মহেশখালীতে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু ছয় মাস না যেতেই তাঁরা তদবির করে অন্যত্র বদলি নিয়ে চলে যান। এরপর আর কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি।
ধলঘাটা ইউনিয়নের সরইতলার বাসিন্দা আমান উল্লাহ বলেন, স্বাস্থ্যকেন্দ্র না থাকায় চিকিৎসার জন্য ভরসা এখন ওষুধের দোকানি ও হাতুড়ে ডাক্তার। কারণ, যাতায়াতের দুরবস্থার কারণে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, দ্বীপের মানুষ এমনিতে ঠিকমতো চিকিৎসা পায় না। তার ওপর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর এই বেহাল অবস্থা।
কুতুবজোম ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করা হয়েছে। কিন্তু এ নিয়ে কারও মাথাব্যথা নেই।
এ ব্যাপারে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা সুচিন্ত চৌধুরী বলেন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।