মহেশখালীতে জমজমাট ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল মেলা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তথ্যপ্রযুক্তি-বিষয়ক ২০টি স্টল স্থান পায়। মেলায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজন ভিড় ছিল।
জানা গেছে, তথ্যপ্রযুক্তি নিয়ে এলাকার লোকজনকে উদ্বুব্ধ করতে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় বিভিন্ন মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট মডেম, মুঠোফোন ও ব্যাংকিং সেবা নিয়ে গ্রামীণফোন, এয়ারটেল, একটি বাড়ি একটি খামার, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অফিস, মহেশখালী কলেজ ও বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয় স্টল নিয়ে বসে।
পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন, পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান, ধলঘাটার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান উল্লাহ, প্রভাষক মোস্তফা কামাল, তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা মোহাম্মদ কায়সার উদ্দিন, সাংবাদিক আবুল বশর, শিক্ষার্থী সাইদুল আদনান, শিফরাতুন মুনতাহা প্রমুখ।
মেলায় আসা মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান বলে, মেলায় এসে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে জেনেছি। যা অনেক কাজে লাগবে। এ ছাড়া কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে বিভিন্ন কৌশল জানিয়েছেন স্টলের কর্মকর্তারা।