মহেশখালীতে জামায়াত ও জাতীয় পার্টির একক প্রার্থী
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দিতে পারেনি বড় দুই দল—আওয়ামী লীগ ও বিএনপি। তবে জামায়াত ও জাতীয় পার্টি একক প্রার্থীর নাম ঘোষণা করেছে।
জানা গেছে, ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাতজন, বিএনপির তিনজন, জামায়াত ও জাতীয় পার্টির একজন করে এবং নাগরিক কমিটির ব্যানারে দুজন চেয়ারম্যান প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগসমর্থিত প্রার্থীরা হলেন আনোয়ার পাশা চৌধুরী, সরওয়ার আজম, এনামুল হক চৌধুরী, শরীফ বাদশাহ, মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, জাফর আলম ও এইচএম আল নোমান শরীফ।
বিএনপিসমর্থিত প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, ছাত্রদল নেতা আজিজুল করিম ও হাবিব উল্লাহ। জামায়াতের জাবের আহমদ চৌধুরী ও জাতীয় পার্টির নাজেম উদ্দিন। নাগরিক কমিটির ব্যানারে মনোনয়নপত্র জমা দেন আবদুল খালেক চৌধুরী ও এনায়েত উল্লাহ। উপজেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা জানান, ১১ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।