মহেশখালীতে ঝুঁকিপূর্ণ চার বন বিট কার্যালয়
সংস্কারের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় বন বিভাগের চারটি কার্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব কার্যালয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তারা।
উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের আঘাতে গোরকঘাটা রেঞ্জ এবং ঘটিভাঙ্গা, শাপলাপুর, দিনেশপুর ও গোরকঘাটা বিট কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ওইসব কার্যালয়ে বড় ধরনের সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে কার্যালয়গুলো।
এদিকে নিজস্ব ভবন না থাকায় সোনাদিয়া, বড়দিয়া, পোকখালী, ঝাপুয়া ও মাতারবাড়ি বিট কার্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া বাসায়।
সরেজমিনে দেখা গেছে, ঘটিভাঙ্গা বিট কার্যালয়ের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভবনে ওঠার সিঁড়ি নড়বড়ে। মেঝেও ভাঙাচোরা। এর মধ্যেই কাজ করছেন কর্মকর্তারা। এখানে বিট কর্মকর্তা ও তিনজন কর্মচারী কর্মরত আছেন। একই অবস্থা অন্য তিনটিরও।
ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা পিয়ার মোহাম্মদ বলেন, ‘জীবনের মায়া ছেড়ে ঝুঁকিপূর্ণ ভবনে বসে অফিস করছি। রাতেও ওই ভবনে থাকতে হয়। তার পরও ভবনটি সংস্কারের জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
এ প্রসঙ্গে উপকূলীয় বন বিভাগের মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চারটি বিট কার্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই চার ভবন সংস্কারসহ নতুন করে ভবন নির্মাণের জন্য বন অধিদপ্তরে অনেক লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না।