মহেশখালীতে ঝুঁকিপূর্ণ সরকারি আবাসিক ভবন
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবনগুলো দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনগুলোর বিভিন্ন স্থানে ফাটলসহ ছাদের পলেস্তারা ঝরে পড়েছে। বৃষ্টির সময় পানি ভেতরে ঢুকে পড়ায় মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে। ইতিমধ্যে কপোত নামের একটি দ্বিতল ভবন ঝুিঁকপূর্ণ ঘোষণা করেছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। মহেশখালী উপজেলা প্রকৌশলী সূত্র জানায়, ১৯৮৬ সালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী থাকার জন্য সরকারিভাবে ছয়টি আবাসিক ভবন নির্মাণ করা হয়। এরপর থেকে তেমন কোনো সংস্কার না হওয়ায় দিন দিন ভবনগুলো ঝুিঁকপূর্ণ হয়ে ওঠে। ছয়টি ভবনের মধ্যে চার বছর আগে কপোত নামের একটি ভবন পরিত্যক্ত ঘোষণা করে ওখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি ভবনগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই। সরেজমিনে দেখা যায়, আবাসিক ভবনের অনেক জায়গায় ফাটল ধরেছে। অনুপম, নন্দিতা, দিশারী ও কল্লোল (ডরমিটরি) ভবন সংস্কারের অভাবে ছাদের পলেস্তারা ঝরে পড়েছে। মহেশখালী উপজেলা কৃষি কার্যালয়ের কর্মচারী মোহাম্মদ শফি জানান, দুই বছর আগে ডরমিটরি সংস্কার করা হয়েছিল; তার পরও বৃষ্টির পানি ছাদ চুইয়ে ভেতরে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, বেতন-ভাতা থেকে যে পরিমাণ সরকারি বাসা ভাড়া কেটে নেওয়া হচ্ছে, সেই টাকা দিয়ে বাইরে অনেক ভালো বাসা পাওয়া যেত। কিন্তু মহেশখালী দ্বীপে বেসরকারিভাবে ভালো মানের তেমন বাসা এখন পর্যন্ত নির্মাণ হয়নি। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে হচ্ছে। মহেশখালী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, দুই বছর আগে উপজেলা পরিষদের রাজস্বের তহবিল থেকে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে আবাসিক ভবনগুলো সংস্কার করা হলেও তা বিভিন্ন স্থানে আবার ফাটল ধরেছে। ফলে আবাসিক ভবনগুলো সংস্কারের জন্য প্রায় ৪০ লাখ বরাদ্দ চেয়ে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ার কারণে আবাসিক ভবনগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বেশ কয়েকবার সরকারি আবাসিক ভবনগুলো সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।