মহেশখালীতে টমেটোর বাম্পার ফলন ন্যায্য দামও পাচ্ছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকার একটি খেত থেকে টমেটো তুলছেন কৃষক l প্রথম আলো
ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকুল এলাকার একটি খেত থেকে টমেটো তুলছেন কৃষক l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় খুশি চাষিরাও। শীতের এই সবজির আবাদও গত বছরের তুলনায় বেড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৬২টি গ্রামে প্রায় ৫৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গত বছর টমেটো চাষ হয়েছিল ৪৫ হেক্টর জমিতে। পৌর এলাকার চরপাড়া, কুতুবজোম, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আবাদি জমি ও পাহাড়ের ঢালুতে টমেটোর চাষ হয়েছে এবার। টমেটোর পাশাপাশি স্থানীয় চাষিরা ফুলকপি, বাঁধাকপি, শিম, তরমুজসহ নানা ধরনের সবজিও চাষ করেছেন।
বড় মহেশখালী ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, টমেটোর ফলন জানার জন্য যেকোনো একটি ব্লকের ফলনের হিসাব নেন কৃষি কর্মকর্তারা। সে ক্ষেত্রে ৪০ শতকের মতো জমিতে কতটুকু টমেটো ফলেছে সেটা বের করা হয়। আর এ থেকে পুরো ফলনের চিত্রটা পাওয়া যায়।
তিনি জানান, এবার টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রতি হেক্টরে ২০ মেট্রিক টন। তবে উৎপাদন হয়েছে প্রতি হেক্টরে ২৩ থেকে ২৫ মেট্রিক টন। পৌর এলাকার গোরকঘাটা বাজার, ছোট মহেশখালীর লম্বাঘোনা বাজার, মাতারবাড়ি ও বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের বিভিন্ন আড়তে টমেটো বিক্রি হচ্ছে। গোরকঘাটা বাজারে গিয়ে দেখা গেছে প্রতি কেজি টমেটোর পাইকারি দাম ২৫ থেকে ৩৫ টাকা। তবে খুচরা বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা দরে।
গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, উপজেলার ছোট মহেশখালীর বাগান থেকে টমেটো তুলছেন চাষিরা। তাঁরা জানান, প্রতি সপ্তাহে তাঁরা ছয় থেকে সাত হাজার টাকার টমেটো বিক্রি করেন। টমেটো চাষি আবু জাফর বলেন, ‘ছয় বছর ধরে ৫০ শতক জমিতে টমেটো চাষ করছি। অন্য বছরের তুলনায় এবার টমেটোর ফলন ভালো হয়েছে। খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকা লাভ হবে।’
জানতে চাইলে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম বলেন, এবারে ৫৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এর মধ্যে উত্তরকুল ও দক্ষিণকুল গ্রামে সবচেয়ে বেশি। টমেটো চাষে লাভ হওয়ায় স্থানীয় চাষিদের মধ্যে আগ্রহও বাড়ছে। এ কারণে টমেটো চাষের জমির পরিমাণ দিন দিন বাড়ছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবারে টমেটো চাষে বেশি ফলন হয়েছে।