মহেশখালীতে টাকার অভাবে বন্ধ ফায়ার সার্ভিস ভবনের নির্মাণকাজ
টাকার অভাবে দেড় বছর ধরে বন্ধ হয়ে আছে কক্সবাজারের মহেশখালী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন ভবনের নির্মাণকাজ। অথচ কার্যাদেশ অনুযায়ী ওই ভবনের নির্মাণকাজ শেষ করার কথা ছিল কাজ শুরুর ১৮ মাসের মধ্যে। এখন পৌর সদরের পুটিবিলা এলাকায় অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে ভবনটি।গণপূর্ত বিভাগের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের জানুয়ারি মাসে মহেশখালী পৌর এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ দেয়। ভবন নির্মাণের দায়িত্ব পায় গণপূর্ত বিভাগ। একই বছরের মার্চে গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করলে ভবন নির্মাণকাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম এইচ জনতা। প্রতিষ্ঠানটি কাজ শুরু করে ওই বছরের মার্চে। এর পর কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে ২০১১ সালের নভেম্বর মাস পর্যন্ত।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, দ্বিতল ভবনের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে, তবে দরজা-জানালা লাগানো হয়নি। বাকি আছে ভবন রং করা ও ফ্লোরের কাজ। এ ছাড়া সীমানাদেয়াল নির্মাণ করা হলেও ওপরে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। ভবনেও কোনো লোকজনকে দেখা যায়নি। অরক্ষিত অবস্থায় পড়ে আছে ভবনটি। জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্থানীয়ভাবে কাজ তদারকির কাজে নিযুক্ত আবুল হাসেম বলেন, গণপূর্তের তহবিলে টাকা নেই। ফলে কাজ বন্ধ রয়েছে। বরাদ্দ দেওয়ার ব্যাপারে গণপূর্ত বিভাগে অনেকবার যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না। গণপূর্ত বিভাগের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী আবু ইউসুফ বলেন, ‘অর্থের অভাবে দেড় বছর ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। ওই ভবনের বাকি কাজ শেষ করতে প্রায় ২৩ লাখ টাকা বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। কিন্তু আমরা এখনো কোনো সাড়া পায়নি।’ এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, নতুন ফায়ার সার্ভিস স্টেশনের জন্য ১৪ জন লোক নিয়োগ দেওয়া হবে। তবে ভবন নির্মাণকাজ শেষ না হওয়ায় জনবল নিয়োগসহ একটি গাড়ি ও দুইটি পানির পাম্প হস্তান্তর করা যাচ্ছে না।এদিকে অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় প্রতিবছর কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার জানান, প্রায় সময় এই এলাকার লোকজন অগ্নিকাণ্ডের কবলে পড়ে তাদের বসতবাড়ি ও দোকানঘর হারাচ্ছে। সর্বশেষ এ মাসের শুরুতে গোরকঘাটা বাজারে আগুন লেগে ১৮টি দোকানঘর ও বসতবাড়ি পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও বসতবাড়ির মালিকদের অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিন স্টেশনটি চালু হওয়া দরকার।