মহেশখালীতে দাখিলে জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে এবার এসএসসির চেয়ে দাখিলে জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। এসএসসিতে ২৪ জন এবং দাখিলে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। তবে গত বছরের তুলনায় এবার এসএসসিতে জিপিএ-৫-এর সংখ্যা তেমন বাড়েনি। ফলাফলে দেখা গেছে, এসএসসির চেয়ে দাখিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। এসএসসিতে উপজেলার ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯৭ জনের মধ্যে ৫৯৯ জন পাস করেছে। পাসের হার ৬৬ দশমিক ৭৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাতারবাড়ি উচ্চবিদ্যালয়ের তিনজন, কালারমারছড়া উচ্চবিদ্যালয়ের তিনজন, ইউনুছখালী উচ্চবিদ্যালয় থেকে দুজন, হোয়ানক বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে একজন, ধলঘাটা উচ্চবিদ্যালয় থেকে একজন, বড় মহেশখালী আইল্যান্ড স্কুল থেকে পাঁচজন, কুতুবজোম অপসোর্স উচ্চবিদ্যালয় থেকে দুজন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে দুজন, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় থেকে চারজন ও শাপলাপুর উচ্চবিদ্যালয় থেকে একজন। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫-এর সংখ্যা কমেছে মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাইস্কুল ও মাতারবাড়ি উচ্চবিদ্যালয়ে। এদিকে, ১৭টি মাদ্রাসার ২৯৩ জনের মধ্যে ২৬৬ জন পাস করেছে। পাসের হার ৯০ দশমিক ২০। দাখিলে এবারে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে মাতারবাড়ি মজিদিয়া মাদ্রাসার পাঁচজন, ছোট মহেশখালী আহমদিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসার আটজন, কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার নয়জন, পুটিবিলা ফাজিল মাদ্রাসার তিনজন, কালারমারছড়া মইনুল ইসলাম মাদ্রাসার তিনজন, বড়মহেশখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসা একজন, হোয়ানক রশিদিয়া দাখিল মাদ্রাসার একজন, ধলঘাট মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন, কুতুবজোম জামিয়া সুন্নাহ দাখিল মাদ্রাসার একজন ও হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসার তিনজন। আর শতভাগ পাস করেছে কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসা, হোয়ানক রশিদিয়া দাখিল মাদ্রাসা, ধলঘাট মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, কালারমারছড়া মইনুল ইসলাম মাদ্রাসা, কুতুবজোম জামিয়া সুন্নাহ দাখিল, শাহ মজিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও বড়মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা। ছোট মহেশখালী তৈয়বিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক ছিদ্দিক আজাদ জানান, এবারও এসএসসির চেয়ে দাখিলের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। এ ভালো ফলাফলের পেছনে অভিভাবকের পাশাপাশি শিক্ষক ও মাদ্রাসার পরিচালনা কমিটির যথেষ্ট ভূমিকা ছিল। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন জানান, এবার মাদ্রাসায় জিপিএ-৫-এর সংখ্যা আগের চেয়ে বাড়লেও বিদ্যালয়ে তা বাড়েনি। অনেক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে কোন্দল থাকার কারণে শিক্ষার্থীদের শ্রেণীতে ভালো পাঠদান হয়নি।