কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাড়ছে সড়ক ডাকাতি। গত দুই মাসে ডাকাতের কবলে পড়েছে অর্ধশতাধিক গাড়ি। এ নিয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে এসব ঘটনায় কোনো মামলা হয়নি।
স্থানীয় লোকজন, পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সন্ধ্যার পর থেকে শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা, গলাচিরা সেতু, রশিদ মিয়া ফার্মসংলগ্ন পাহাড়ি ঢালা ও কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী সড়কে ডাকাতের উৎপাত বেশি।
ডাকাতের কবলে পড়া গোরকঘাটা কাঁচা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম জানান, গত ৯ নভেম্বর রাত ১২টায় তরকারিভর্তি পাঁচটি চাঁদের গাড়ি চকরিয়া থেকে গোরকঘাটা আসার পথে কালারমারছড়ার চালিয়াতলী এলাকায় ডাকাতের কবলে পড়ে। এ সময় সড়কে প্রতিবন্ধকতা (ব্যারিকেড) সৃষ্টি করে ডাকাতেরা গাড়িচালক, সহকারী ও ব্যবসায়ীদের মারধর করে মুঠোফোন সেট, নগদ টাকা ও ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় ডাকাতেরা দুপাশে আটকে পড়া ইটভর্তি ১০টি পিকআপ, পাঁচটি মুরগির গাড়ি, একটি অটোরিকশা ও চট্টগ্রাম থেকে আসা মুদির দোকানের বিভিন্ন মালামালভর্তি আরও চারটি পিকআপে ডাকাতি করে। এর কয়েক দিন পর আরও ১০টি গাড়িতে ডাকাতি হয়।
জানা যায়, সর্বশেষ ২০ ডিসেম্বর রাত আটটার দিকে মুদির দোকানের বিভিন্ন মালামালভর্তি চারটি পিকআপ চট্টগ্রাম থেকে মহেশখালী উপজেলা সদরে গোরকঘাটা আসার পথে শাপলাপুর ইউনিয়নের দক্ষিণ সীমান্তে রশিদ মিয়ার র্ফামসংলগ্ন পাহাড়ি ঢালায় পৌঁছালে সড়কে গাছ ফেলে ওই গাড়িগুলো ডাকাতেরা আটক করে। এরপর ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া একই সিএনজিচালিত সময়ে যাত্রীবাহী চারটি অটোরিকশা, চারটি চাঁদের গাড়ি, দুটি মাহিন্দ্র, পাঁচটি পিকআপ, পাঁচটি বেবিট্যাক্সি ও একটি মোটরসাইকেল ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতের হামলায় চার চালকসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। স্থানীয় শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদতুল খালেক চৌধুরী বলেন, প্রায় সময় ছোট মহেশখালী ও শাপলাপুর সড়কে গাড়ি ডাকাতি হচ্ছে। উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে। পরে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতেরা ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ডাকাতি প্রতিরোধ করতে পুলিশের টহল জোরদার করা জরুরি।
মহেশখালী পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, ২০ ডিসেম্বর রাতে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে ওই সড়কে দুপাশে যাত্রীবাহী ২০টি গাড়ি আটকে পড়ে। পরে পুলিশি পাহারায় ওই গাড়িগুলো এলাকা ছেড়ে যায়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ইতিমধ্যে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাতি প্রতিরোধে বিভিন্ন পয়েন্টে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি চিহ্নিত ডাকাতদের ধরার জন্য পুলিশ চেষ্টা করছে।
সড়ক ডাকাতি বেড়ে যাওয়ার কথা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, সড়ক ডাকাতির বিষয় নিয়ে গত ২৭ নভেম্বর উপজেলার মাসিক সমন্বয় সভায় বেশ কয়েকজন জনপ্রতিনিধি উদ্বেগ প্রকাশ করেছেন। পরে সভার সিদ্ধান্ত অনুযায়ী সড়কে পুলিশি টহল আরও জোরদার করা জন্য থানার ওসিকে অনুরোধ করা হয়। এর পরও বিচ্ছিন্নভাবে সড়কে ডাকাতির ঘটনা ঘটছে।