কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা গত সোমবার শেষ হয়েছে। রোববার সকাল ১০টায় স্থানীয় কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক এ মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের আটটি স্টলে ভিড় জমিয়েছিলেন দর্শকেরা। স্টলগুলোতে ডিজিটাল সেবার সুযোগ–সুবিধা তুলে ধরার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়। মেলায় ভূগোল ও পরিবেশ বিষয়ে তথ্য প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করে মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নোমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা শফিউল আলম, উপজেলা সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.শহিদুল্লাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে ডিজিটাল মেলায় প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।