মহেশখালীতে দেড় শ গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের প্যারাবন থেকে দুর্বৃত্তরা গত দুই মাসে প্রায় দেড় শ কেওড়াগাছ কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বিট কর্মকর্তার সহযোগিতায় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার গাছ বাইরে বিক্রি করেছে বলে এলাকাবাসীর পক্ষে এস এম আবু মুছা নামের এক শিক্ষক ২৯ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগে বলা হয়, ইউনিয়নের উত্তর-পূর্ব টেকের ঘোনার করিয়ার দিয়া মৌজায় বন বিভাগ ১৯৮৬ সালে প্রায় ৭০ একর প্যারাবন সৃষ্টি করে। এই প্যারাবন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে এলাকাবাসীকে রক্ষা করে। কিন্তু সম্প্রতি স্থানীয় মাতারবাড়ির বিট কর্মকর্তার সহযোগিতায় উজানটিয়া ও মাগনামার দুর্বৃত্তরা গত দুই মাসে প্রায় দেড় শ বড় কেওড়াগাছ কেটে নিয়ে যায়। এতে হুমকির মুখে পড়ে মাতারবাড়ি ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ।মাধ্যমিক শিক্ষার মান বর্ধন প্রকল্পের শিক্ষক এস এম আবু মুছা জানান, স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের সহযোগিতায় দুর্বৃত্তরা প্যারাবন থেকে কয়েক লাখ টাকার বড় বড় কেওড়াগাছ কেটে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেয়। এতে দুর্যোগের হুমকিতে পড়ে মাতারবাড়ির জনগণ। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলে বিট কর্মকর্তা উল্টো মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন দাবি করে স্থানীয় মাতারবাড়ির বিট কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান জানান, খবর পেয়ে সরেজমিনে গিয়ে বাগান থেকে গাছের কিছু ডালপালা জব্দ করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে বাগান থেকে কোনো গাছ কাটা হয়নি।তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘আমি নিজেই সরেজমিনে গিয়ে গাছ কাটার অভিযোগের সত্যতা পেয়েছি। তাই গাছ কাটার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’