মহেশখালীতে নবনির্মিত আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর
কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত দিনেশপুর আশ্রয়ণ প্রকল্প হস্তান্তর করা হয়েছে। ৫ মে বিকেলে চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার নজরুল ইসলাম নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, শাপলাপুর ইউনিয়ন পরিষদ সদস্য হাসমত আরা বেগম, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামে হতদরিদ্র, ছিন্নমূল মানুষের আবাসনের জন্য ১৪টি ব্যারাক, ৭০টি ঘর, ২৮টি শৌচাগার ও চারটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
বিজ্ঞানী এস ওয়াজেদ মিয়ার স্মরণসভা
পরমাণু বিজ্ঞানী এস ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ মে প্রত্যয় ৭১-এর উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়। নগরের একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রত্যয় ৭১-এর সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগ নেত্রী ও প্রত্যয় ৭১-এর সাধারণ সম্পাদিকা শামীমা হারুন।
স্মরণসভায় বক্তব্য দেন প্রত্যয় ৭১-এর জ্যেষ্ঠ সহসভাপতি দীপংকর চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া প্রমুখ। স্মরণসভায় মরহুমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।