কক্সবাজারের মহেশখালী উপজেলার বাজারগুলোতে সরকারের নির্ধারিত মূল্যতালিকা টানানো হয়নি। ফলে নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে রোজার শুরুতে নিত্যপণ্যের মূল্যতালিকা দোকানের সামনে টানানোর নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, প্রশাসন বাজার মনিটরিং না করায় উপজেলার ২০টি হাটবাজারে বিক্রেতারা খেয়ালখুশিমতো পণ্যের দাম আদায় করছেন। ১২ জুলাই পৌর এলাকার গোরকঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক বাজারের নিত্যপণ্যের দামের সঙ্গে অন্য বাজারের পণ্যের দামের মিল নেই। বিশেষ করে দুর্গম এলাকার বাজারগুলোতে নিত্যপণ্যের দাম বেশি। উপজেলার গোরকঘাটা বাজারের কয়েকটি মুদির দোকানের সামনে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হলেও অন্য কোনো বাজারে তালিকা দেখা যায়নি। এই বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১২০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, শসা ৬০ টাকা, মসুর ডাল ১১০ টাকা, টমেটো ৬০ টাকা, গরুর মাংস ৩৬০ টাকা, খাসির মাংস ৫০০ টাকা, আলু ৪০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৬০ টাকা, রসুন ৮৫ টাকা, আদা ১৭০ টাকা, গাজর ১০০ টাকা, চিনি ৪৬ টাকা, মুড়ি ৫২ টাকা, ছোলা ৫৫-৬০ টাকা, হলুদ ১৩৫-১৪৫ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, মোটা আতপ চাল ৩৫ টাকা, মাঝারি আতপ চাল ৩৭ টাকা, চিকন বেতি চাল ৪০-৪৫ টাকা, খোলা আটা ২৯-৩১ টাকা, প্যাকেট আটা ২৮-৩২ টাকায় বিক্রি হচ্ছে। গোরকঘাটা বাজারের খুচরা বিক্রেতা আবুল হোছাইন বলেন, ‘রোজার আগে সবজির দাম অনেক কম ছিল। কিন্তু রোজার শুরুতেই এসব পণ্যের দাম বেড়ে যায়। আড়ত থেকে বেশি দামে কিনতে হওয়ায় আমরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
মাতারবাড়ির মাইজপাড়ার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, রোজা আসার সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সব ধরনের সবজি নাগালের বাইরে চলে যাচ্ছে। সব মিলিয়ে সংসার চালাতে গিয়ে বেশ কষ্ট হচ্ছে।
রমজান সামনে রেখে গত ২৯ জুন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্যতালিকা প্রকাশ করা হয়। চাল, ছোলা, মুড়ি, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ ও কাঁচা মরিচের দাম মূল্যতালিকার কাছাকাছি হলেও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। সয়াবিন তেল প্রতি লিটারে ১০-২০ টাকা, আলু প্রতি কেজিতে ১০-১২ টাকা, বেগুন ২০ টাকা, শসা ১০ টাকা, গাজর ২০ টাকা, গরুর মাংস ৫০ থেকে ১০০ টাকা ও খাসির মাংস প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি আদায় করছেন বিক্রেতারা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের জানান, রোজার দ্বিতীয় দিন পৌর এলাকার গোরকঘাটা বাজারে ওজনে কম দেওয়া ও পণ্যের দাম বেশি নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন। মাঝখানে অতিবৃষ্টির কারণে বাজার মনিটরিং করা সম্ভব হয়নি। এরপর ১০ জুলাই বড় মহেশখালী ও গোরকঘাটা বাজারে তিনবার অভিযান চালিয়ে ১০ জন বিক্রেতাকে জরিমানা করা হয়। মূল্যতালিকার চেয়ে বেশি দামে কেউ পণ্য বিক্রি করলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।