মহেশখালীতে নির্বিচারে উজাড় হচ্ছে উপকূলের বাইনগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলে নির্বিচারে প্যারাবনের বাইনগাছ উজাড় হচ্ছে। স্থানীয় কাঠ পাচারকারীরা লাকড়ি, পানের বরজ ও জালের খুিঁট হিসেবে ব্যবহার করার জন্য প্যারাবন থেকে এসব বাইনগাছ কাটছেন। এতে উপকূলীয় সবুজ বেষ্টনী ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলের সোনাদিয়া, বড়দিয়া, তাজিয়াকাটা, ঘটিভাঙা, বড়দিয়া, ধলঘাটা, মাতারবাড়ি ও কালারমারছড়া বিটের অধীনে সৃজিত প্যারাবন থেকে কাঠ পাচারকারীরা অবাধে বাইন্রগাছ কেটে নিয়ে যাচ্ছেন। উপকূলীয় সবুজ বেষ্টনী রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে ঝড় ও জলোচ্ছ্বাসের হুমকির মুখে পড়েছে দ্বীপের তিন লাখেরও বেশি মানুষ। সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে, কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া, ঘটিভাঙা ও বড়দিয়ার প্যারাবন থেকে বাইনগাছ কেটে নিয়ে যাচ্ছে কাঠ পাচারকারীরা। প্যারাবন থেকে বাইনগাছ কেটে নৌকায় করে লোকালয়ে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে অবাধে। একই চিত্র দেখা গেছে কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া ও ধলঘাটার প্যারাবনে। উপজেলার ঘটিভাঙার প্যারাবনে গিয়ে দেখা গেছে, স্থানীয় কয়েকজন বাসিন্দা বাইনগাছ কেটে নৌকা ভর্তি করছেন। প্রথম আলোকে তাঁরা বলেন, ‘কাজ নেই তাই প্যারাবন থেকে বাইনগাছ কেটে জ্বালানি কাঠ হিসেবে বাজারে নিয়ে বিক্রি করে কোনো রকমে সংসার চালাচ্ছি।’ ধলঘাটার সাপমারার ডেইল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ও গিয়াস উদ্দিন বলেন, দিনদুপুরে এলাকার লোকজন প্যারাবন থেকে বাইনগাছ কেটে নিয়ে যাচ্ছেন। কিন্তু বন বিভাগের কোনো তৎপরতা চোখে পড়েনি। এতে কাঠ পাচারকারীরা উৎসাহিত হচ্ছেন। এ প্রসঙ্গে বন বিভাগের মাতারবাড়ি বিট কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান বলেন, ‘ইতিমধ্যে বনকর্মীরা অভিযান চালিয়ে বেশ কিছু বাইনগাছ জব্দ করেছেন। লোকবলের সংকট থাকায় গাছ-কাটা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।’ বন বিভাগ সূত্রে জানা গেছে, গোরকঘাটা রেঞ্জের অধীনে সাতটি বিটের মধ্যে মাতারবাড়ি বিটে ৮০০ একর, ঝাপুয়াতে এক হাজার ২০০ একর, বড়দিয়ায় ৫০০ একর, ঘটিভাঙায় সাড়ে চার হাজার একর, সোনাদিয়া দ্বীপে এক হাজার ৫০০ একর, গোরকঘাটা সদরে ৫০০ একর ও পোকখালীতে এক হাজার একর প্যারাবন রয়েছে। সোনাদিয়া বিটের বনপ্রহরী মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী জানান, ‘আমাকে একাই বিশাল এলাকা পাহারা দিতে হয়। একদিকে টহল দিতে গেলে, অন্যদিকে বনদস্যুরা গাছ কেটে নিয়ে যায়। একজনের পক্ষে এতবড় বনাঞ্চল রক্ষা করা খুবই কঠিন।’ পরিবেশ অধিদপ্তরের জীববিদ মোহাম্মদ আব্দুল কায়ুম প্রথম আলোকে বলেন, ‘গত এক মাসে প্যারাবন থেকে বাইনগাছ কেটে নৌকা ভর্তি করে কূলে নিয়ে আসার সময় চারটি নৌকা জব্দ করা হয়েছে। কিন্তু এর পরও স্থানীয় কাঠ পাচারকারীরা অবাধে প্যারাবন থেকে বাইনগাছ কাটছেন।’উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে জানান, ‘লোকবলসংকটের কারণে কাঠ পাচারকারীদের কবল থেকে প্যারাবন রক্ষা করা যাচ্ছে না। এ কারণে মাসিক চুক্তির ভিত্তিতে ভাড়া করা চারজন শ্রমিক দিয়ে এখন প্যারাবন পাহারা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, প্যারাবন রক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ করা উচিত। প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জামও নেই। এ বিষয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।’ উপকূলীয় এলাকায় প্যারাবন নিধন করার ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘অনেক বার প্যারাবনের বাইনগাছ বোঝাই গাড়ি ও নৌকা আটক করা হয়েছে। স্থানীয় লোকজন জ্বালানি কাঠ হিসেবে ব্যবহারের জন্যও বাইনগাছ কাটছেন।’