মহেশখালীতে নিষিদ্ধ জালে মাছ শিকার চলছেই
কক্সবাজারের মহেশখালী উপকূলে নিষিদ্ধ জালে মাছ শিকার চলছেই। ফলে প্রতিদিন নষ্ট হচ্ছে অসংখ্য পোনা। এ নিয়ে প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালালেও জাল বসানো বন্ধ হচ্ছে না।
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহেশখালী চ্যানেলের বিভিন্ন স্থানে প্রতিদিন কমপক্ষে সাতটি নিষিদ্ধ জাল বসানো হয়। এসব জালে মাছ শিকার করে জীবিকা চলে জেলেদের।
বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নোমান হোসেন বলেন, নদীতে আড়াআড়ি করে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরও মহেশখালী চ্যানেলের চারপাশে নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
গত ৩০ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, মহেশখালীর উপকূলের গোরকঘাটা, আদিনাথ মন্দিরসংলগ্ন এলাকা, মুদিরছড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট, বদরখালীসংলগ্ন এলাকা, মাতারবাড়ি, ধলঘাটা, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, বড়দিয়া, ঝাপুয়া ও হামিদারদিয়া চর এলাকায় বিভিন্ন স্থানে বাঁশের বাঁধ দিয়ে নিষিদ্ধ জাল বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিহিঙ্গি, চর, ভেড় ও কারেন্ট জাল।
ধলঘাট ইউনিয়নের সরইতলার বাসিন্দা মৎস্যশিকারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নুর কাদের বলেন, ‘কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে প্রতিনিয়ত নানা প্রজাতির মাছের পোনা নষ্ট হচ্ছে। কিন্তু একদিন সাগরে গিয়ে মাছ শিকার না করলে পরিবার–পরিজন নিয়ে না খেয়ে থাকতে হয়। ফলে অভাবের তাড়নায় কারেন্ট জাল বসিয়ে মাছ শিকার করতে বাধ্য হচ্ছি।’
শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন ও আমানুল করিম জানান, কারেন্ট জালে প্রতিনিয়ত মাছের পোনা নষ্ট হলেও তা বন্ধ করার ব্যাপারে কারও মাথাব্যথা নেই।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন মুঠোফোনে বলেন, ২ নভেম্বর কোস্টগার্ডের সদস্যরা বাঁকখালী চ্যানেলে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। কোস্টগার্ডের সদস্যদের সহযোগিতায় শিগগির মহেশখালী চ্যানেলেও অভিযান চালানো হবে।