কক্সবাজারের মহেশখালীতে আড়াই শ গ্রাহকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সার্টিফিকেট মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা আদায় করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ বছরে সমিতির অনাদায়ী বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা। ২০০৮ সালে ১৭৬ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা করেও বকেয়া টাকা আদায় করতে পারেনি সমিতি। ১০ হাজার ৩০০ গ্রাহকের মধ্যে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন এক হাজার ২০০ গ্রাহক। বাকি গ্রাহকেরা অনিয়মিতভাবে বিল পরিশোধ করেন। অনিয়মিত গ্রাহকদের মধ্যে যাঁদের বকেয়া টাকার পরিমাণ বেশি তাঁদের কাছ থেকে টাকা আদায় করা যাচ্ছে না। এ কারণে আদালতের আশ্রয় নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ মাসের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান ও নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো কোনো গ্রাহক বকেয়া বিল পরিশোধ করছেন না।মহেশখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাপরিচালক বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘বহু গ্রাহককে বার বার নোটিশ দিলেও তাঁরা বকেয়া বিল পরিশোধ করছেন না। এ কারণে চলতি মাসে ২৫০ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আরো ৩১৬ জন গ্রাহককে চুড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। বকেয়া বিল পরিশোধ না করলে এসব গ্রহকের বিরুদ্ধেও মামলা করা হবে।’