মহেশখালীতে পান খেতে মড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানের পানখেতে মড়ক দেখা দিয়েছে। মড়ক লাগায় পানের উৎপাদনও কম হচ্ছে। এ কারণে বাড়তি দামের সুফলও পাচ্ছেন না পানচাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বলেন, সম্প্রতি তিন দিনের ভারী বৃষ্টি হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানের পানখেতে পানের গোড়া পচা রোগ দেখা দিয়েছে। মড়ক প্রতিরোধ করার জন্য ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে ব্লক সুপারভাইজারদের মাধ্যমে স্থানীয় চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় পানচাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ভারী বৃষ্টিতে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও বিলে পানখেতে মড়ক দেখা দেয়। পানখেতে পানের পাতা ও কাণ্ডে পচন দেখা দেওয়ার পাশাপাশি গোড়া পচা রোগ দেখা দিচ্ছে। খেতে মড়ক দেখা দেওয়ায় এবার লোকসানের আশঙ্কাও করছেন তাঁরা। হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার পানচাষি শফিউল কাদের ও আবদুল জব্বার বলেন, গত মাস থেকে হাটবাজারে পানের দাম বাড়ছে। কিন্তু ভারী বৃষ্টির কারণে বরজে মড়ক দেখা দিয়েছে। এ কারণে পানখেতে উৎপাদন ব্যাহত হচ্ছে। আর পান উৎপাদন কম হওয়ায় বাড়তি দামের সুফল পাচ্ছেন না পানচাষিরা। ফলে এ বছর পান চাষে লাভ তো দূরের কথা, চাষিদের লোকসান গুনতে হবে।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইয়েদুল আলম বলেন, পানখেতে রোগ দেখা দেওয়ায় পান উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারণে বাজারেও পানের দাম বেড়ে গেছে। আগে প্রতি বিড়া পান ৫০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে আড়াই শ থেকে তিন শ টাকায়।
শাপলাপুর পানের হাটের পরিচালক আবু ছিদ্দিক বলেন, ‘ভরা মৌসুম হলেও পান উৎপাদন তেমন হচ্ছে না। বৃষ্টিতে পানখেতে বিভিন্ন রোগ দেখা দেওয়ায় চাষিরা পান বিক্রি করার জন্য বাজারে আসছেন না। এতে আমাদেরও লোকসান গুনতে হচ্ছে।’
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় পানের বরজের সংখ্যা প্রায় আট হাজার। পানচাষিদের সংখ্যা প্রায় ১৩ হাজার। এক হেক্টর জমিতে পান চাষ করতে চাষিদের খরচ হয় ৬ লাখ ৫৫ হাজার টাকা। বছরে প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিক টন পান উৎপাদন হয়। প্রতিবছর মহেশখালী থেকে ১ লাখ ৬৩ হাজার ৫০০ মেট্রিক টন পান নানা জায়গায় সরবরাহ করা হয়। কিন্তু ভারী বৃষ্টিতে পান উৎপাদন ব্যাহত হওয়ায় এ বছর পান চাষ করে চাষিরা লাভবান হবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।