কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে পানের খেতে নানা রোগবালাই দেখা দেওয়ায় বাজারে কমেছে সরবরাহ। এতে পানের দামও বেড়েছে। তবে এই বাড়তি দামের সুফল চাষিরা পাচ্ছেন না বরং লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
মহেশখালীর জনতা বাজারের পানের হাটের পরিচালক আবদুর রহিম জানান, সাধারণত প্রতি সপ্তাহে তিন শ ঝুড়ি পান বিক্রি হয় এই বাজারে। তবে পানে রোগ দেখা দেওয়ায় গত দুই সপ্তাহ ধরে এক শ ঝুড়ি পান বিক্রি হচ্ছে। আগে প্রতি ঝুড়ি পান দুই থেকে তিন হাজার টাকায় বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে সাত থেকে আট হাজার টাকায়। প্রতি বিড়া বড় পানে দাম বেড়েছে আড়াই শ থেকে তিন শ টাকা।
উপজেলার পানচাষিরা জানান, তাঁরা সপ্তাহে একবার পান তোলেন বরজ থেকে। বছরজুড়েই পানের উৎপাদন হয়। কিন্তু গত দুই সপ্তাহ ধরে পানের কাঙ্ক্ষিত উৎপাদন হচ্ছে না। এভাবে চলতে থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা। চাষিরা জানান, ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিন দিনের ভারী বৃষ্টির পর উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পানের বরজে রোগ দেখা দিয়েছে। কাণ্ড ও গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে পান।
উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার, জনতা বাজার ও শাপলাপুর বাজারে পানের হাট বসে। সপ্তাহে তিন দিন পান বিক্রি হয়। সরেজমিনে দেখা গেছে এসব বাজারে পানের সরবরাহ কমে গেছে। পানের দামও বেড়েছে দ্বিগুণের মতো।
মহেশখালী কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় দেড় হাজার হেক্টর জমিতে পান চাষ হয়। পানের বরজ আছে আট হাজার। পানচাষির সংখ্যা প্রায় ১৩ হাজার। বছরে পানের গড় উৎপাদন এক লাখ ৬৩ হাজার ৫০০ মেট্রিক টন।
পানের রোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বলেন, পানখেতে ছত্রাকের আক্রমণ হয়েছে। রোগ প্রতিরোধকল্পে ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে ব্লক সুপারদের মাধ্যমে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।
কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার পানচাষি নুরুদ্দিন ও কামাল হোসেন বলেন, প্রতি সপ্তাহে পান বিক্রি করে একেকজন চাষি সাত থেকে আট হাজার টাকা করে আয় করতেন। কিন্তু এখন পানে রোগ দেখা দেওয়ায় সপ্তাহে দুই থেকে তিন হাজার টাকার পান বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। ফলে চাষিদের লোকসান গুনতে হতে পারে।
হোয়ানক ইউনিয়নের হরিয়াছড়া ব্লকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাইছার উদ্দিন বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে পানখেতে ছত্রাকের আক্রমণ হয়েছে। এ কারণে বিচ্ছিন্নভাবে পানখেতে মড়ক দেখা দিলেও তা প্রতিরোধ করার জন্য মাঠে গিয়ে চাষিকে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহারেও পরামর্শ দেওয়া হচ্ছে।