মহেশখালীতে পাহাড় কাটা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে দিনদুপুরে নির্বিচারে পাহাড় কাটা চলছে। স্থানীয় একশ্রেণীর মানুষ ঘরবাড়ি ও পানের বরজ তৈরির জন্য পাহাড় কাটছে। শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে ৩০টি মামলা হয়েছে এ পর্যন্ত। ২০১০ সাল পর্যন্ত গ্রেপ্তারও হয়েছেন ২৫ জন। বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে পাহাড় কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ শুরু হয়। যা এখনো অব্যাহত আছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, কেরুনতলীর পূর্বপাশ, কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এবং ছালিয়াতলী এলাকায় স্থানীয় প্রভাবশালী লোকজন পাহাড় কাটছে। এ ছাড়া শাপলাপুর ইউনিয়নের জেমঘাট বাজারের উত্তরে শাকের মোহাম্মদ কাটায়ও এমন পাহাড় কাটার দৃশ্য দেখা গেছে। পাহাড় কেটে বালু নিয়ে জেমঘাট বাজার এলাকায় নতুনভাবে তৈরি বিভিন্ন দোকান ভরাট করতে দেখা গেছে। শাকের মোহাম্মদ কাটার বাসিন্দা মোহাম্মদ সুলাইমান ও ফজর আলম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী লোকজন দিনদুপুরে পাহাড় কাটছেন। আর এসব পাহাড় কাটার বালু বাইরে নিয়ে বিক্রি করছেন। এতে এলাকার লোকজন বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না।’ নির্বিচারে পাহাড় কাটার কারণে শাকের মোহাম্মদ কাটার কবরস্থানটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে তাঁরা জানান। কালারমারছড়া উত্তরনলবিলা এলাকার বাসিন্দা জেমসন বড়ুয়া বলেন, ‘নির্বিচারে পাহাড় কাটা হলেও স্থানীয় প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে পাহাড় কেটে বসতি স্থাপন করছেন এলাকার লোকজন।’ হোয়ানক ইউনিয়নের টাইমবাজার এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ জানান, ‘স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে পাহাড় কেটে অবৈধভাবে পানের বরজ তৈরি করছেন। এতে বন বিভাগের লোকজন বাধা দিচ্ছেন না।’ উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লোকবলসংকটের কারণে প্রায় ১৮ হাজার একর আয়তনের মহেশখালীর পাহাড় রক্ষা করতে গিয়ে বন বিভাগের লোকজনকে হিমশিম খেতে হয়। কিন্তু লোকবল বাড়ানোর জন্য অনেকবার লেখালেখি করা হলেও কোনো কাজ হচ্ছে না। বিচ্ছিন্ন ভাবে বসতি স্থাপন ও পানের বরজ তৈরি করতে পাহাড় কাটা হলেও তা বন্ধ করার জন্য বন বিভাগের লোকজন চেষ্টা করছেন।’ তিনি জানান, এ পর্যন্ত পাহাড় কাটার অভিযোগে শতাধিক লোকের বিরুদ্ধে ৩০টি মামলা হয়েছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, ‘আমি নতুন এসেছি। শুনেছি ২০১০ সাল পর্যন্ত পাহাড় কাটার অভিযোগে আটক হয়েছেন ২৫ জন। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খালেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মহেশখালীর পাহাড় রক্ষা করার দায়িত্ব বন বিভাগের। কিন্তু বন বিভাগের লোকজন পাহাড় রক্ষা করতে পারছেন না। এ কারণে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।’ তিনি বলেন, ইতিমধ্যে পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে মহেশখালীতে পাহাড়কাটা চলছে। স্থানীয় প্রভাবশালী লোকজন জোটবদ্ধ হয়ে (সিন্ডিকেট) পাহাড় কেটে এলাকার বাইরে বালু বিক্রি করছেন। ফলে নির্বিচারে মহেশখালী বিভিন্ন স্থানে পাহাড় কাটা হলেও লোকবলসংকটের কারণে বন বিভাগের লোকজন পাহাড় রক্ষা করতে পারছেন না। এ কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।’