মহেশখালীতে প্যারাবন উজাড় করতে মরিয়া ভূমিদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে উপকূলীয় প্যারাবন উজাড় করতে ভূমিদস্যুরা ফের মরিয়া হয়ে উঠেছে। এর আগে চিংড়িঘের নির্মাণ করতে গিয়ে তারা উপকূল রক্ষাকারী প্যারাবনের প্রায় এক হাজার ৬০০ গাছ নিধন করে। এ ঘটনায় থানায় মামলা করার পরও পুলিশ আসামি ধরছে না বলে অভিযোগ করেছেন বন বিভাগের সংশ্লিষ্টরা।জানা গেছে, কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা মৌজার বড়দিয়ার ভাঙ্গার খালের উপকূলীয় প্যারাবন উজাড় করে চিংড়িঘের করার জন্য মাঠে নেমেছেন স্থানীয় ভূমিদস্যুরা। গত ৩০ নভেম্বর অবৈধ চিংড়িঘের নির্মাণ করার ঘটনায় স্থানীয় বড়দিয়া বিট কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে মুজিবুর রহমান, একে ফজল, মদন আলী, শাহ আলম, শরীফ বাদশাহ, নুরুল হকসহ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। বিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে থানায় মামলা হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এ কারণে তারা আবার ঘের করার জন্য মাঠে নেমেছে। তিনি বলেন, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করা না হলে প্যারাবনের হাজার হাজার গাছ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল বলেন, ‘বড়দিয়ার প্যারাবন উজাড় করে আবার ঘের করতে সক্রিয় হয়ে উঠেছে ভূমিদস্যুরা। এদের বিরুদ্ধে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তারা মোটা অঙ্কের টাকা নিয়ে বন বিভাগের লোকজনকে বশ করার চেষ্টা করছে।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ বলেন, ভূমিদস্যুরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে বন বিভাগের পক্ষ থেকে আবার অভিযোগ করা হলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন জানান, ‘ভূমিদস্যুরা ঘের করার জন্য উপকূলীয় প্যারাবন উজাড় করার চেষ্টা করলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’