মহেশখালীতে প্যারাবন উজাড়ের ক্ষতিপূরণ মামলার বিচার অবশেষে শুরু
কক্সবাজারের মহেশখালীতে বন বিভাগের করা ১২৯ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতিপূরণ মামলার বিচার অবশেষে শুরু হয়েছে। প্যারাবন উজাড়ের বিরুদ্ধে এ মামলা করা হয় ২০০৮ সালে। গত ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহিউদ্দিন মুরাদ মামলাটি আমলে নিয়ে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এরপর পৌর মেয়র মকছুদ মিয়া জামিন নিলেও অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বন বিভাগের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী (ফরেস্ট রিটেইনার) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বন বিভাগ সূত্র জানায়, ২০০৮ সালে অভিযুক্ত ব্যক্তিরা উপজেলার ঘটিভাঙা এলাকায় উপকূলীয় বন বিভাগের সৃজিত ১ হাজার ৬৫০ একরের প্যারাবন (ম্যানগ্রোভ) নিধন করে তাতে ২৫টি চিংড়িঘের তৈরি করেন। এতে জীববৈচিত্র্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ২০০৮ সালের ১৪ অক্টোবর স্থানীয় ঘটিভাঙা বন বিট কর্মকর্তা মতিলাল নাথ বাদী হয়ে মহেশখালী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১২৯ কোটি ৫৮ লাখ ১১ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা করেন। মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ নেতা ও মহেশখালী পৌরসভা মেয়র মকছুদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, স্থানীয় ব্যক্তি সৈয়দুল হক সিকদার ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ বাদশাহসহ ৫৮ জনকে। আদালত মামলাটি আমলে নিয়ে তা তদন্ত প্রতিবেদন দিতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
২০০৯ সালের ৭ মার্চ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার সব আসামিকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বন বিভাগের পক্ষে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারজি দেওয়া হয় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে মহেশখালী আদালত থেকে মামলাটি কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত-৪–এ স্থানান্তর করা হয়।
বন বিভাগের মামলা পরিচালনাকারী আইনজীবী ফরিদুল আলম জানান, আদালত বন বিভাগের নারাজির আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার বিচারিক হাকিমের আদালত-৩–এর বিচারক মুহাম্মদ শাহেদুল করিমকে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে বিচারক সরেজমিন তদন্ত করে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর ৫৮ জন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। টানা পাঁচ বছর পর গত ২৩ ফেব্রুয়ারি কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত-৪ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। একই দিনে আসামিরা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে আসামিদের আবেদন খারিজ করে দিয়ে ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহারে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে, ১২৯ কোটি ৫৮ লাখ ১১ হাজার টাকা। এর মধ্যে প্যারাবনের ১৬ লাখ ৫০ হাজার গাছ নিধনের বিপরীতে (প্রতিটি গাছ ৫০০ টাকা) ৮২ কোটি ৫০ লাখ, ৩৩ লাখ ঝোপঝাড়, লতা, গুল্মসহ ইত্যাদি গাছ (১০ টাকা) তিন কোটি ৩০ লাখ, মাটি কাটার ক্ষতি ১০ কোটি ৭৮ লাখ ১১ হাজার, পরিবেশ প্রতিবেশ ক্ষিত ১৬ কোটি ৫০ লাখ টাকা ও জমির মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা।
মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, ২০০৮ সালে ৫৮ ব্যক্তি বন বিভাগের এক হাজার ৬৫০ একর বনভূমি দখল করে ছোট-বড় ২৫টি চিংড়িঘের তৈরি করেন। এখন পর্যন্ত ওই জমি আসামিদের দখলে রয়ে গেছে। পরিবেশ প্রতিবেশ ও উপকূল রক্ষার স্বার্থে ওই সব চিংড়িঘের দ্রুত উচ্ছেদ জরুরি।
জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক বলেন, ‘এর আগেও বন বিভাগ একই জায়গা নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু পুলিশ সত্যতা না পেয়ে ফাইনাল রিপোর্ট দিয়েছে। ফলে মামলা খারিজ হয়ে যায়। এখন আবার ওই একই জায়গার মামলা দিয়ে হয়রানি করছে বন বিভাগ।’ আবু বকর ছিদ্দিক দাবি করেন, তিনি, পৌর মেয়রসহ ২৫ জন জামিনে আছেন।