মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র একজন। বর্তমানে একজন সহকারী শিক্ষক ও দুজন খণ্ডকালীন শিক্ষক পাঠদান করছেন পাঁচ শ শিক্ষার্থীকে। শিক্ষক–সংকটের কারণে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হলেও শূন্য পদে নিয়োগ হচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষকের পদ আছে। ফৌজদারি মামলা থাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মোয়াজ্জেম হোসাইনকে গত ৪ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়। বাকি চার সহকারী শিক্ষকের মধ্যে তিনজন নেই। ফলে এখন বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক আছেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরও দায়িত্ব পালন করছেন। পাঠদান চালিয়ে নিতে বিদ্যালয় কমিটি দুজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে।
সম্প্রতি বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণিতে পাঠদান করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক। চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পাঠদান করছিলেন খণ্ডকালীন শিক্ষক আব্বাস উদ্দিন ও মাহবুবা খানম। বাকি শ্রেণিগুলোতে শিক্ষক না থাকায় পাঠদান বন্ধ ছিল।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শাওন, সিরাজুল হাসনাত ও হাবিবাতুল আজিজা জানায়, শিক্ষক–সংকটের কারণে পাঠদান ব্যাহত হলেও তা দেখার কেউ নেই। আর চার বছর ধরে শিক্ষক–সংকট লেগেই আছে।
শিক্ষক মাহমুদুল হক বলেন, ‘বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ থাকলেও কেবল আমি একাই কর্মরত আছি। সংকট মোকাবিলা করার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি দুই মাস আগে দুজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়। তবে এতে সংকট দূর হয়নি। জোড়াতালি দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান।’ তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিলেও তাঁরা তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। চার বছর ধরে এমন সমস্যা নিয়েই চলছে বিদ্যালয়টি। মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বলেন, একজন শিক্ষক দিয়ে একটি বিদ্যালয় কোনোভাবেই চালানো সম্ভব নয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।