লোকবল-সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীতে উপকূলীয় বন বিভাগের কার্যক্রম ব্যাহত হচ্ছে। ১০২ কর্মকর্তা, কর্মচারীর ১০২টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৬৬টি। উপজেলার আট বিট অফিসের স্থায়ী অফিসও নেই, কার্যক্রম চলছে ভাড়া বাসায়।মহেশখালী বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় বন বিভাগের অধীনে গোরকঘাটা রেঞ্জের অধীনে সোনাদিয়া, ঝাপুয়া, বড়দিয়া, পোকখালী ও ঘটিভাঙ্গা ও মহেশখালী বন বিভাগের দিনেশপুর, মুদিরছড়া ও শাপলাপুর বিট অফিস ভেঙ্গে যায়। নতুন করে ভবন নির্মাণ না হওয়ায় আটটি বিট অফিসের কাজ চলছে এখন ভাড়া বাসায়। ছোট মহেশখালী মুদিরছড়া বিট কর্মকর্তা ম্যাকলেট চাকমা প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত অফিস না থাকায় অন্য স্থানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। তিনি বলেন, ‘যেখানে ১০ জন থাকার কথা, সেখানে আছে মাত্র চারজন। আর লোকবল-সংকটের কারণে বন রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’ শাপলাপুর ইউনিয়নের বিট কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বিটের জন্য নেই কোনো অফিস। ভাড়া বাসায় এখন অফিস চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, ‘৫০টি পদের ৩৪টি পদ শূন্য রয়েছে। এ কারণে প্যারাবন রক্ষা করা তাই কঠিন হয়ে পড়েছে। প্যারাবন রক্ষা না হলে একসময় এ দ্বীপ সাগরে বিলীন হয়ে যাবে। তাই প্যারাবন রক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়ার জন্য অনেকবার আবেদন করেছি। কিন্তু কাজ হয়নি। ’ উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান জানান, ৫২টি পদের মধ্যে ৩২টি পদ শূন্য দীর্ঘ দিন ধরে। আর লোকবল দেওয়ার জন্য ওপরে অনেক লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না। পাহাড়ি বন রক্ষা করতে অনেক সমস্যা হচ্ছে। এ প্রসঙ্গে কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভূইঁয়া বলেন, ‘লোকবল নিয়োগ ও নতুন করে বিট অফিস নির্মাণ করার জন্য বন মন্ত্রণালয়ে ইতিমধ্যে অনেকবার আবেদন করা হয়েছে।’