মহেশখালীতে বনের পাশের ছয় করাতকল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে সংরক্ষিত বনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা করাতকল উচ্ছেদে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গত শনিবার দুপুরে অভিযান চালিয়ে সংরক্ষিত বনের পাশে স্থাপিত ছয়টি অবৈধ করাতকল জব্দ করা হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকতা এ টি এম কাউসার হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় করাতকলের ভেতরে থাকা সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে বলেন, কালারমারছড়া, হোয়ানক ও শাপলাপুর এলাকায় সংরক্ষিত বনের পাশে গড়ে ওঠা ছয়টি করাতকল জব্দ করা হয়েছে। এগুলোর মালিক নাছির উদ্দিন, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, লেদু মিয়া, এনায়েত উল্লাহ ও মোহাম্মদ সফি। তবে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। করাতকলের মালিকদের বিরুদ্ধে বন আইনে পৃথক ছয়টি মামলা করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, প্রথম পর্যায়ে ছয়টি অবৈধ করাতকল জব্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘সংরক্ষিত বনে ২৪ করাতকল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।