মহেশখালীতে বাড়ছে মাদকসেবীর সংখ্যা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাদকব্যবসা বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২০টি জায়গায় তৈরি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক। সন্ধ্যা নামার পর এসব স্থানে ভিড় লেগে যায় মাদকের ক্রেতা-বিক্রেতাদের। স্থানীয় লোকজন জানান, দীর্ঘ দিন ধরে মাদকবিরোধী অভিযান না চলায় বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সেবনকারীর সংখ্যা বাড়ছে। এদের উ ৎ পাতে একদিকে এলাকাবাসী অতিষ্ঠ অন্যদিকে কিশোর-যুবসমাজ জড়িয়ে পড়ছে নানা রকম অনৈতিক কর্মকাণ্ডে। তবে পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান চলছে এবং গত এক মাসে অন্তত ১৫টি মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহেশখালী পৌর এলাকার হিন্দুপাড়া, চরপাড়া, ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা, শাপলাপুর ইউনিয়ন ও কালারমার ছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা, মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট, সিকদারপাড়া, লাইল্যাঘোনা, তিতামাঝির পাড়া, মিয়াজির পাড়া, মগডেইল, ষাইটপাড়া, বড় মহেশখালী, হোয়ানক ও কুতুবজোম ইউনিয়নের অন্তত ২০টি স্থানে চোলাই মদসহ বিভিন্ন রকমের মাদক তৈরি ও বিক্রি হচ্ছে। এ ছাড়া ওসব এলাকায় নীরবে চলছে হেরোইন, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, মাদকব্যবসা বন্ধ করার ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর ভূমিকা পালন করছে না। ফলে এলাকায় মাদকব্যবসা ও সেবনকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে।গোরকঘাটা ইউনিয়নের হিন্দুপাড়ার বাসিন্দারা জানান, দীর্ঘ দিন ধরে এ এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার জন্য তাঁরা দাবি জানিয়ে এলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পৌর এলাকার দক্ষিণ হিন্দুপাড়া বাসিন্দা ভ্রমর কান্তি দে, নির্মল কান্তি দে ও কালিপদ দে অভিযোগ করেন, সন্ধ্যার পর থেকে মাদকসেবীদের উ ৎ পাতে স্থানীয় সড়ক দিয়ে যাতায়াত করা যায় না। মাতারবাড়ীর তিতামাঝির পাড়ার বাসিন্দা মোহাম্মদ রাসেল, কবির আহমদ ও কামাল হোসেন বলেন, ‘স্থানীয় পুলিশ ফাঁড়ির লোকজন মাদক স্পট থেকে মাসিক মাসোহারা নেওয়ার কারণে মাদকব্যবসা বন্ধ হচ্ছে না।’ মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে জানান, এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১২ মাদক ব্যবসায়ীকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া, অবৈধ ভিসিআর, ভিসিডি ও জুয়া খেলাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক স্পট থেকে মাসিক মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘ইতিমধ্যে মাদক স্পটগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে এবং মাদক তৈরির স্পটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’ মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, পুলিশ গত এক মাসে গোরকঘাটার হিন্দুপাড়া, বলরামপাড়া, ছোটমহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এবং বড়মহেশখালী ইউনিয়নের অন্তত ১৫টি মাদক তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে এবং ১৫ জন মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা করেছে। তিনি বলেন, ‘এলাকাকে মাদকমুক্ত করার জন্য স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা একান্ত প্রয়োজন।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন বলেন, ‘প্রশাসনের পক্ষে মাদকবিরোধী অভিযান বারবার চালানো হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না।’