মহেশখালীতে কয়লাভিত্তিক দুটি তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য স্থান যাচাই-বাছাইসহ ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী এক মাসের মধ্যে ভূমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে। এরপর প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের মাঝামাঝি এলাকায় প্রায় এক হাজার ৩৬৩ একর জমির ওপর সরকার কয়লাভিত্তিক দুটি তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেয়।
জাপানের অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান জাইকার অর্থায়নে ৬০০ মেগাওয়াট ধারণক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে ভূমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার পর শুরু হবে প্রকল্পের নির্মাণকাজ।
প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইলিয়াছ রহমান জানান, তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লাকেন্দ্র, পুকুর, কয়লা খালাসের বন্দর, নৌ চলাচল চ্যানেল, প্রকল্প এলাকার সড়ক উন্নয়ন এবং আনোয়ারা গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। ২০২১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে ২২ মার্চ সকালে বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে মহেশখালী আসেন। এ সময় এলাকাবাসী প্রকল্পের নকশা পরিবর্তনের দাবি জানিয়ে প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার বিস্তীর্ণ জমিতে লবণ ও মৎস্য চাষ বন্ধ হয়ে যাবে। এতে বিপুলসংখ্যক মানুষ বেকার হয়ে পড়বে। স্মারকলিপিতে প্রকল্পের নকশা পরিবর্তন করে তা পার্শ্ববর্তী ধলঘাটার দক্ষিণে জনবসতিশূন্য এলাকায় বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হলে এলাকার কয়েক হাজার একর আবাদি জমি অনাবাদি হয়ে পড়বে। এতে অনেকে বেকার হওয়া ছাড়াও এলাকার বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ বিপন্ন হবে।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ বলেন, বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন হবে।