মহেশখালীতে বোরোর ফলন লক্ষ্যমাত্রা ছাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের হংসমিয়াজিপাড়া গ্রামে বোরো ধান কাটছেন কৃষকেরা l প্রথম আলো
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের হংসমিয়াজিপাড়া গ্রামে বোরো ধান কাটছেন কৃষকেরা l প্রথম আলো

সেচ সংকট থাকায় ও খেতে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় গত বছর কক্সবাজারের মহেশখালী উপজেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে এবার আবহাওয়া অনুকূল থাকায় রোগের প্রকোপ ছিল না। ছিল না বিদ্যুৎ বিভ্রাটও। ফলে চাষিরা সেচও দিতে পেরেছেন নির্বিঘ্নে। হেক্টরপ্রতি ফলন দেখে কৃষি কর্মকর্তারা বলছেন, এবার বোরোর ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
­উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৭ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ২২টি ব্লকে বোরো চাষ করেছেন ১৮ হাজার চাষি। এবার বোরোর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধানের ক্ষেত্রে ৪২ হাজার মেট্রিক টন, আর চালের ক্ষেত্রে ২৫ হাজার মেট্রিক টন। গত বছর সাত হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছিল ২৩ হাজার মেট্রিক টন।
বড় মহেশখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলম বলেন, উপজেলায় প্রতি হেক্টরে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ দশমিক ৯ মেট্রিক টন। কৃষি বিভাগ চারটি ব্লকের উৎপাদনের হিসাব নিয়েছে। চারটি কৃষি ব্লকে গড়ে প্রতি হেক্টরে ফলন পাওয়া গেছে ৬ দশমিক ১ মেট্রিক টন। সে হিসাবে ৭ হাজার ১০০ হেক্টর জমিতে ফলন হবে ৪৩ হাজার ৩১০ মেট্রিক টন ধান, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
১২ এপ্রিল সরেজমিনে দেখা যায়, উপজেলার শাপলাপুর, ছোট মহেশখালী, বড় মহেশখালী, কালারমারছড়া ও কুতুবজোম ইউনিয়নের ১৬টি ব্লকে স্থানীয় কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এক ফাঁকে কথা হয় শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার কৃষক নুরুল ইসলাম ও লোকমান হাকিমের সঙ্গে। তাঁরা বলেন, অন্যান্য বছর বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে যথাসময়ে ধানখেতে পানি দিতে পারেননি। এ কারণে ফলন তেমন ভালো হয়নি। কিন্তু এবার লোডশেডিং কম হওয়ায় ধানখেতে যথাসময়ে পানি দিতে পারায় ফলন ভালো হয়েছে। এ কারণে স্থানীয় চাষিরা বেশ খুশি।
শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার কৃষক রবি আলম বলেন, গত বছর ব্লাস্ট রোগে আক্রান্ত হওয়ায় বোরো ধানের ফলন তেমন ভালো হয়নি। এবার ধানখেতে রোগবালাই ছিল না। এ কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢোকায় মাতারবাড়ী ইউনিয়নের বহু কৃষকের বোরোর আবাদ ভেসে গেছে। এ কারণে মাথায় হাত পড়েছে তঁাদের। ক্ষতিগ্রস্ত কৃষকদের একজন ওই ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা আবদুর রহিম। তিনি বলেন, ‘এবার উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু ৮ এপ্রিল অমাবস্যার জোয়ারের পানিতে তলিয়ে গেছে আমাদের এলাকার এক শ কৃষকের খেতের বোরো ধান। এ কারণে আমরা ধান ঘরে তুলতে পারিনি।’
জানতে চাইলে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্থানে বোরো ধান কাটার উৎসব চলছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের বেশ ভালো ফলন হয়েছে।