মহেশখালীতে বেড়েছে পরিবার পরিকল্পনা সেবা নেওয়ার হার
কক্সবাজারের মহেশখালীতে সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা সেবা নেওয়ার হার বেড়েছে। উপজেলার ৫৪ হাজার সক্ষম দম্পতির মধ্যে গত এক বছরে ১৪ হাজার ২৫৯ জন সেবা নিয়েছেন। এই সংখ্যা এর আগের বছরের তুলনায় দুই হাজার বেশি।
পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলার সক্ষম দম্পতিদের জন্মনিয়ন্ত্রণে বিনা মূল্যে সাত ধরনের সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিও রয়েছে।
৫ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক আলোচনা সভায় গত এক বছরের মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার সাফল্যের চিত্র তুলে ধরেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ। তিনি বলেন, ২০১৪ সালে ১২ হাজার ৩১২ পরিবার সেবা নিয়েছে। এ বছরের মধ্যে সেবা নেওয়ার হার বেড়েছে।
ছেরাজ আহমদ বলেন, একটি পৌরসভা ও আট ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য পাঁচজন পরিবার পরিকল্পনা পরিদর্শক, আটজন পরিদর্শিকা, ২৬ জন পরিবারকল্যাণ সহকারী ও ১৫ জন স্বেচ্ছাসেবী মহিলা মাঠ পর্যায়ে কাজ করছেন। আর গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে ১৪ হাজার ২৫৯ জন।