মহেশখালীতে ভিজিডির চাল পাচ্ছেন না দুস্থ মহিলারা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ মহিলারা সঠিক সময়ে ভিজিডি কর্মসূচির (দুস্থ মহিলা উন্নয়ন) চাল পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রতি মাসের চাল, পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করার নিয়ম রয়েছে। কিন্তু তা জনপ্রতিনিধিরা মানছেন না। মাঝে মাঝে এক মাসের চাল চার মাস পরও বিতরণ করা হয় না। এ ছাড়া বিভিন্ন স্থানে চাল কম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মহিলাবিষয়ক অফিস সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় এ এলাকার অসহায় দুস্থ মহিলাদের জন্য এক হাজার ৯৪৮টি কার্ড বরাদ্দ আসে। প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে স্থানীয় চেয়ারম্যানরা চাল উত্তোলন করে ভিজিডি কার্ডধারী উপকারভোগী দুস্থ মহিলাদের মধ্যে (প্রতি কার্ডে) ৩০ কেজি করে চাল বিতরণ এবং মাসের পাঁচ তারিখের মধ্যে বিতরণের প্রতিবেদন দাখিল করার নিয়ম থাকলেও অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তা মানছেন না। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজের ইচ্ছামতো এক মাসের চাল তিন থেকে চার মাস পর বিতরণ করছেন। প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেক ইউনিয়নের জনপ্রতিনিধিরা পরিবহন খরচের অজুহাত দেখিয়ে বিতরণের সময়ে তা কম দিচ্ছেন। অনেক জনপ্রতিনিধি ভিজিডির চাল বাইরে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এবং বাকি পাঁচটি ইউনিয়নে সেপ্টেম্বর মাসের ভিজিডির চাল এখনো বিতরণ করা হয়নি। গত ১৯ ও ২৩ সেপ্টেম্বর কুতুবজোম ও ছোট মহেশখালী ইউনিয়নে ভিজিডির কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগের সত্যতা পান তদারকি কর্মকর্তা ও মহিলাবিষয়ক দপ্তরের অফিস সহকারী আব্দুল মালেক। তিনি এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুতুবজোম ইউনিয়নে দুই মাস মিলে ভিজিডির কার্ডধারীকে ৬০ কেজির স্থলে ৫৭ কেজি করে চাল বিতরণ করে। পরে তদারকি কর্মকর্তার উপস্থিতিতে ৫৮ কেজি করে চাল বিতরণ করে। কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার বাসিন্দা দিলদার বেগম বলেন, ‘গত ১৯ অক্টোবর দুই মাসের চাল বিতরণের সময় ৬০ কেজির স্থলে ৫৬ কেজি চাল পেয়েছি।’ একই চিত্র ছোট মহেশখালী ইউনিয়নেও। এখানে দুই মাসে ৬০ কেজির স্থলে ৫৬ থেকে ৫৭ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম। তিনি বলেন, ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। একই কথা বললেন, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা। তবে এ নিয়ে কথা হলে ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ভিজিডি কর্মসূচির চাল আনার জন্য সরকার পরিবহন খরচ দেননি। এ কারণে, প্রতি মাসেই আনতে গেলে পরিষদের অনেক লোকসান গুণতে হবে। তাই তিন মাস পর পর একত্রে তিন মাসের চাল এনেই তা অসহায় মহিলাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘বেশ কয়েকটি ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ কর্মসূচিতে চাল কম দেওয়ার অভিযোগ পেয়েছি। এমনকি পরিবহন খরচের অজুহাত দেখিয়ে অনেক জনপ্রতিনিধি ভিজিডির চাল বাইরে বিক্রি করছে বলে বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি। তাই এসব অভিযোগ তদন্ত করতে মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’