মহেশখালীতে ভিজিডির চাল বিতরণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সাত ইউনিয়নে জুলাই ও আগস্ট মাসের ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল বিতরণ করা হয়নি। নির্ধারিত সময়ে চাল না পেয়ে অসহায় দুস্থ নারীরা হতাশ হয়ে পড়েছেন। শিগগিরই চাল বিতরণ করা না হলে অনেককে অনাহারে-অর্ধাহারে কষ্ট পেতে হবে বলে তাঁরা মন্তব্য করেন।
উপজেলা মহিলা-বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ সালের ভিজিডি কর্মসূচির আওতায় মহেশখালীর আটটি ইউনিয়নের জন্য এক হাজার ৯৪৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মাতারবাড়ি ইউনিয়নে ৩০০টি, ধলঘাটায় ১০২টি, কালারমার ছড়ায় ৩৫০টি, শাপলাপুরে ২১৪টি, হোয়ানকে ৩৪০টি, বড় মহেশখালী ইউনিয়নে ৩০১টি, কুতুবজোমে ১৭৫টি ও ছোট মহেশখালী ইউনিয়নে ১৬৬টি কার্ড বিতরণ করা হয়। প্রতি কার্ডে চাল দেওয়া হয় ২৪ কেজি।
উপজেলা মহিলা-বিষয়ক কার্যালয়ের সহকারী আব্দুল মালেক বলেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা খাদ্যগুদাম থেকে চাল উঠিয়ে তা কার্ডধারী দুস্থ নারীদের মধ্যে বিতরণ করার কথা। কিন্তু গত জুলাই ও আগস্ট মাসে শাপলাপুর ইউনিয়ন ছাড়া বাকি সাত ইউনিয়ন ধলঘাটা, মাতারবাড়ি, কালারমার ছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও ছোটমহেশখালীর চেয়ারম্যানরা চাল তোলেননি। বরাদ্দকৃত চাল খাদ্যগুদামে পড়ে রয়েছে।
কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকার বাসিন্দা মরিয়ম বেগম ও নূর আয়েশা বলেন, ‘জুলাই-আগস্ট মাসের চাল এখনো পাইনি। সময়মতো চাল না পাওয়ায় অনেক সময় না খেয়ে থাকতে হচ্ছে।’ জানতে চাইলে হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম প্রথম আলোকে বলেন, ‘সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পাশাপাশি ভারী বৃষ্টির কারণে গত দুই মাসে চাল বিতরণ করতে পারিনি। তবে বৃষ্টি কমলেই চাল তুলে তা বিতরণ নিশ্চিত করা হবে।’
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ‘গত মাসের মাসিক সমন্বয় সভায় জরুরি ভিত্তিতে ভিজিডির চাল বিতরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের বলা হয়েছে। পরবর্তী সময়ে আমি নিজেই আরেকটি চিঠি দিয়ে চাল বিতরণ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চেয়ারম্যানদের বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি। কয়েক দিনের মধ্যে চাল বিতরণের বিষয়টি নিশ্চিত করা হবে।’