মহেশখালীতে ভেঙে গেছে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ
নিম্নচাপের প্রভাবে সাগরের জোয়ারের পানি বেড়ে মহেশখালীতে গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এর ফলে সাগরের পানি ঢুকে উপজেলার ধলঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নে এখন জোয়ার-ভাটা চলছে। ভেসে গেছে ৩০টি চিংড়িঘেরের ৪০ লাখের বেশি টাকার পোনা। এদিকে পাহাড়ি ঢলে একটি কালভার্ট বিধ্বস্ত হয়ে উপজেলার শাপলাপুর-জনতাবাজার সড়কে গত শুক্রবার থেকে যোগাযোগ বন্ধ রয়েছে। জানা যায়, গত শুক্রবার দুপুরে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, দ্বীপ ধলঘাটার সাপমারার ডেইল, পণ্ডিত ডেইল, বেগুনবনিয়া, সরাইতলার দক্ষিণে, মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট, সাইরারডেইল, ফুলজান মোরা, মগডেইল, পুরানবাজার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট, ষাইটমারা, শাপলাপুর বাজার এলাকার পূর্বপাশে, বারিয়াপাড়াসহ অন্তত ২৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, জোয়ারের পানি বেড়ে রাজঘাটসহ ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে ১২টি চিংড়িঘেরের ১৫ লাখের বেশি টাকার পোনা। তিনি বলেন, রাজঘাট ও বিসিক এলাকার প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে এখন জোয়ার-ভাটা চলছে। কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, সোনাদিয়া, ঘটিভাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাঁচটি চিংড়িঘেরের পাঁচ লাখের বেশি টাকার পোনা জোয়ারের পানিতে ভেসে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, নিম্নচাপের প্রভাবে সাগরে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ প্রসঙ্গে কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, জোয়ারে পানির তোড়ে মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ছয় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এ কারণে জোয়ারের পানি লোকালয় ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিনি আরও বলেন, ‘ধলঘাটার পশ্চিমে প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধের সংস্কারকাজ চলছে। তার মধ্যে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ৫০০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। তাই জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।