মহেশখালীতে ভোটার তালিকায় রোহিঙ্গা!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ১১ ব্যক্তিকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেছে উপজেলা প্রশাসনের বিশেষ কমিটি। পাশাপাশি ১৫ জন ভোটারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। টানা আড়াই মাস মাঠ পর্যায়ে তদন্ত শেষে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে কমিটির পক্ষ থেকে। প্রতিবেদনে এসব রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্র বাতিলের সুপারিশ করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত বছরের অক্টোবর মাসে কক্সবাজার ও বান্দরবান জেলার ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তরর্ভুক্তি বিষয়ে তদন্ত করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়। ওই চিঠি পেয়ে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠান। চিঠিতে কক্সবাজার জেলায় ৩৬১ জনের বিষয়ে অভিযোগ তোলা হয়। এর মধ্যে ১১১ জন মহেশখালী এলাকার বাসিন্দা।
অভিযোগের সত্যতা যাচাই করতে গত ডিসেম্বরে তদন্তে নামে মহেশখালী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১১১ জন রোহিঙ্গার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে গত বছরের ১২ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা একটি চিঠি দেন। ওই চিঠির আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসেরকে সভাপতি করে ১৪ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্যরা টানা আড়াই মাস মাঠ পর্যায়ে তদন্ত করে ১১১ জনের তালিকার মধ্যে ১১ ব্যক্তিকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন।
ভোটার তালিকায় থাকার রোহিঙ্গা নাগরিকেরা হলেন উপজেলার কুতুবজোম ইউনিয়নের মোহাম্মদ হাসান, মোহাম্মদ হোসাইন, নুরুল ইসলাম, আমান উল্লাহ, ওমর কাজী, কালা খাতুন, কালা মিয়া, ঘটিভাঙা এলাকার নুরুল ইসলাম, ছোটমহেশখালীর দক্ষিণ নলবিলার বাসিন্দা ইজ্জত আলি, একই ইউিনয়নের উত্তরকূল এলাকার বাসিন্দা পেটান আহমদ ও বাদশাহ মিয়া। এঁদের পরিচয়পত্র বাতিল করার জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সঙ্গে তদন্তকালে ১৫ ভোটারের ঠিকানায় গিয়ে তঁাদের খোঁজে পাননি কমিটির সদস্যরা।
উপজেলা বিশেষ কমিটির সভাপতি ও ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, মাঠপর্যায়ে তদন্ত করে ভোটার তালিকায় ১১ ব্যক্তিকে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করা হয়েছে।