দালালদের খপ্পরে পড়ে প্রাতারিত হওয়ার ভয় নেই, তার ওপর খরচও কম। সবচেয়ে বড় কথা বিদেশে গিয়ে চাকরির পাওয়া যাবে—এই নিশ্চয়তাও আছে। তবু সরকারি ব্যবস্থাপনায় বিদেশে যাওয়ার ব্যাপারে তেমন উৎসাহ নেই মহেশখালীর বাসিন্দাদের। ৪ থেকে ১৪ আক্টোবর পর্যন্ত ১০ দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হলেও এ পর্যন্ত মাত্র ৭৫৮ জন নিবন্ধন করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর থেকে মহেশখালীর আটটি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে বিদেশে চাকরিপ্রার্থীদের অনলাইনে নিবন্ধনের কার্যক্রম শুরু হয়। বিদেশে যেতে ইচ্ছুক লোকজনকে তথ্য ও সেবাকেন্দ্রে গিয়ে নিবন্ধন করার ব্যাপারে গ্রামেগঞ্জে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। এর পরও তেমন সাড়া মেলেনি।
এর আগেও মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম হয়েছিল। সে সময় দ্বীপের অনেকে নিবন্ধন করেছেন। চূড়ান্তভাবে ৫৮ জনকে নির্বাচিত করলেও তাঁরা এখনো মালয়েশিয়া যেতে পারেননি। সংশ্লিষ্ট লোকজনের মতে, মূলত এ কারণেই এবার নিবন্ধন কার্যক্রমে স্থানীয় লোকজন তেমন উৎসাহ দেখাননি।
সম্প্রতি উপজেলার হোয়ানক ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিদেশে চাকরিপ্রার্থীদের কোনো সমাগম নেই। ১০ দিনে এই কার্যালয় থেকে নিবন্ধন করেছেন মাত্র ১০১ জন।
নিবন্ধন করার সময় আবেদনকারীদের কাছ থেকে তথ্য ও সেবাকেন্দ্রগুলো সরকারের নির্ধারিত ফি বাবদ ১৫০ টাকা ও ফরম পূরণে সহায়তা করার জন্য ১০০ টাকা করে নিচ্ছে। তথ্যকেন্দ্রে নিবন্ধন করতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য বেশ কয়েকজন লোক নির্বাচিত হলেও তাঁরা এখনো যেতে পারেননি।
হোয়ানক ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ কায়সার উদ্দিন প্রথম আলোকে বলেন, বেশ কয়েকবার এলাকায় মাইকিং করেও নিবন্ধনের ব্যাপারে জনগণের মধ্যে তেমন সাড়া পাওয়া যায়নি।
মাতারবাড়ী ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালক আলাউদ্দিন বলেন, এর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য এই এলাকা থেকে লটারি মাধ্যমে ১২ জন নির্বাচিত হলেও তাঁরা এখনো পর্যন্ত বিদেশে যেতে পারেননি। এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের প্রথম আলোকে বলেন, মহশেখালীর জনসংখ্যা সাড়ে তিন লাখ। প্রতিবছর উপজেলা থেকে আড়াই থেকে তিন হাজার লোক বিদেশে যান। এ বছর জানুয়ারি মাসেও পাঁচ হাজার লোক মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। অথচ এবার মাইকিং করেও সাড়া পাওয়া যায়নি।