মহেশখালীতে মাদকের ১৬ কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালীতে মাদক তৈরির কারখানাগুলোতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। থানা পুলিশ গত বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১৬টি মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এসব কারখানা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘মহেশখালীতে ৩৫টি স্থানে মাদক তৈরি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ার পর ওইদিন থেকেই পুলিশ প্রশাসন মাদকবিরোধী অভিযানে নামে বলে পুলিশের এক কর্মকর্তা জানান। সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পুলিশ কুতুবজোম, মাতারবাড়ি, হোয়ানক, বড় মহেশখালী ও ছোট মহেশখালী এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক তৈরির ১৬ কারখানা, বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামের সন্ধান পাওয়া যায়। অভিযানে সাত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন—মোহাম্মদ রুবেল (৩৪), জাহাঙ্গীর আলম (২৩), বিজন আরা বেগম (২৫), দেলোয়ার হোসেন (৩২), মিজানুর রহমান (৩২), আব্দুল কাদের (৩০) ও খলিলুর রহমান (৪০)। এঁদের বিরুদ্ধে মাদক আইনে থানায় পৃথক মামলা হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’