মহেশখালীতে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি
মহেশখালীতে চাঞ্চল্যকর ফজল করিম হত্যা মামলার আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদী ফরিদুল আলম জীবনের নিরাপত্তা চেয়ে ৬ মার্চ মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের মৃত সাদাতের ছেলে জাফর আলম ও একই ইউনিয়নের শুকুরিয়াপাড়ার সাবেক মেম্বার ছালেহ আহমদের মধ্যে প্রায় এক একরের লবণমাঠ দখল বেদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুইপক্ষের লোকজনকে নিয়ে একাধিকবার থানায় সালিস-বৈঠকও বসে। কিন্তু এতেও বিরোধ নিষ্পত্তি হয়নি। এর মধ্যে ছালেহ আহমদ লোকজন নিয়ে লবণমাঠে গিয়ে জাফর আলমকে উচ্ছেদ করার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ছালেহ আহমদের লোকজন লবণমাঠ দখলের জন্য বড় মহেশখালীর ফাঁড়িকূলঘোনার সাতপা দোইন্যাঘোনার জাফর আলমের মাঠে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে জাফর আলমের ছোট ভাই ফজল করিম মারা যান। এ ঘটনায় ফজল করিমের ভাই ফরিদুল আলম বাদী হয়ে গত ২৮ ফেব্রুয়ারি মোস্তাক আহমদকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কিন্তু আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এদিকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দিচ্ছে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া মামলার সাক্ষীদেরও সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে তারা। বাদী ফরিদুল আলম জানান, ‘মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে। তারা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।’ মামলার তদন্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, ‘আসামিদের গ্রেপ্তার করার জন্য বেশ কয়েকবার এলাকায় অভিযান চালানো হয়েছে। গা-ঢাকা দেওয়ায় তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে।’