মহেশখালীতে রাত-দিন চলছে কেনাকাটা
টানা বর্ষণের পর জমে উঠেছে মহেশখালীর ঈদবাজার। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। দোকানিদের এখন দম ফেলার ফুরসত নেই। মহেশখালী দ্বীপের ঈদের প্রধান বাজার গোরকঘাটা। এর পাশাপাশি বড় রাখাইনপাড়া, বড় মহেশখালী নতুন বাজার, হোয়ানতের টাইম বাজার, কালারমারছড়ার কালারমারছড়া বাজার, মাতারবাড়ির নতুন বাজার ও পুরান বাজারেও চলছে বেচাবিক্রি। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা অযৌক্তিক দাম হাঁকছেন। গোরকঘাটা বাজারে কেনাকাটা করতে আসা কালারমারছড়ার ইউনুছখালির বাসিন্দা রহিমা বেগম (২২) বলেন, ‘কাপড়ের দাম গতবারের চেয়ে অনেক বেশি। ইন্ডিয়ান একটি থ্রি-পিস কিনেছি সাড়ে চার হাজার টাকায়। অথচ একই মানের থ্রি-পিস গত বছর ছিল আড়াই হাজার টাকা।’ দাম বাড়ার কথা বললেন কক্সবাজার সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী উম্মে হাফছাও। তিনি বলেন, দোকানিরা অস্বাভাবিক দাম চান। মাতারবাড়ির মিয়াজিরপাড়ার মরিয়ম বেগম (৩৪) বলেন, ‘একটি কাতান শাড়ি কিনতে চেয়েছি। ওই শাড়ির দাম হাঁকা হয় পাঁচ হাজার ৮০০ টাকা। ফলে আর কেনা হলো না।’গোরকঘাটা বাজারের আল আমিন ক্লথ স্টোরের স্বত্বাধিকারী ফরিদুল আলম বলেন, ‘ঈদবাজারে ক্রেতাদের চাহিদামতো বিভিন্ন ডিজাইনের পোশাক আনা হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেকটা বেশি।’আনাস স্টোরের এম জহির উদ্দিন বলেন, ‘এখন মহেশখালীতে পাওয়া যাচ্ছে সব ধরনের পোশাক। ফলে দ্বীপের মানুষকে কেনাকাটার জন্য বাইরে যেতে হচ্ছে না।’ ব্যবসায়ীরা জানান, রোজার শুরুতেই টানা বৃষ্টিতে ঈদের বাজার তেমন জমে ওঠেনি। এখন বৃষ্টি থেমে যাওয়ায় ক্রেতার সংখ্যা বেড়েছে। বেচাকেনাও চলছে দেদার। এদিকে ঈদবাজারে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতাদের নিরাপত্তা দিতে সন্ধ্যা থেকে গোরকঘাটা বাজারসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।